নয়াদিল্লি, ১৪ নভেম্বর: হানিট্র্যাপের ফাঁদে পড়লেন এক বায়ুসেনা আধিকারিক। আর তার জেরেই পাকিস্তানি গুপ্তচরের কাছে ফাঁস হয়ে গেল সামরিকবাহিনীর গোপন নথী। ক্তিগত সম্পর্কের আড়ালে এমনই এক ভয়াবহ গুপ্তচরবৃত্তির চক্রের পর্দাফাঁসের অভিযোগ তুলেছে দিল্লি পুলিশ। অভিযোগ, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখে ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডার দেশের অত্যন্ত স্পর্শকাতর সামরিক তথ্য পাচার করেছেন। শুধু নিজেই গোপন নথি সরবরাহ নয়, পাঁচ সেনা আধিকারিকের মোবাইলেও স্পাইওয়্যার ঢোকানোর ব্যবস্থা করেছিলেন তিনি। সম্প্রতি আদালতে জমা দেওয়া দিল্লি পুলিশের চার্জশিটে উঠে এসেছে এমনই বিস্ফোরক তথ্য।
পুলিশের অভিযোগ, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত পাকিস্তানি ওই অপারেটিভের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল অভিযুক্ত উইং কমান্ডারের। হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলত কথাবার্তা এবং তথ্য আদানপ্রদান। তদন্তকারীদের দাবি, ওই সময়ের মধ্যেই বায়ুসেনার গোপন যুদ্ধ-পরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমানের মোতায়েন, সামরিক মহড়া এবং স্পর্শকাতর সামরিক ঘাঁটির অবস্থান সংক্রান্ত তথ্য পাচার করা হয়। চার্জশিটে আরো উল্লেখ করা হয়, পাকিস্তানি গুপ্তচর তাঁর একটি অন্তরঙ্গ ছবির বদলে গোপন যুদ্ধ-পরিকল্পনার নথি চায় ওই আধিকারিকের কাছে। এমনকী, প্রতি বার নগ্ন ছবি পাঠানোর বিনিময়ে যুদ্ধ-পরিকল্পনার একটি করে গোপন নথি দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি বলে দাবি পুলিশের। অর্থাৎ, দেশের নিরাপত্তার মতো গুরুতর বিষয়কে ব্যক্তিগত আদানপ্রদানের বিনিময়মূল্য হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। তদন্তে আরও উঠে এসেছে বায়ুসেনার একটি গোপন ড্রোন ইউনিট সংক্রান্ত তথ্য পাচারের বিষয়টি। ওই ইউনিটের সদস্যসংখ্যা, সাংগঠনিক কাঠামো, কাজের পদ্ধতি সহ একাধিক প্রযুক্তি সংক্রান্ত তথ্য পাকিস্তানি অপারেটিভের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল বলে চার্জশিটে দাবি করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে দেশের কোন কোন জায়গায় ওই ড্রোন ইউনিট মোতায়েন করা হতে পারে, সেই সম্ভাব্য অবস্থান সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছিল বলে অভিযোগ। শুধু ড্রোন নয়, লাদাখের লেহ-তে যুদ্ধবিমান মোতায়েনের তথ্যও পাচার করা হয়েছিল বলে দাবি পুলিশের। আরও অভিযোগ, অভিযুক্ত উইং কমান্ডার তাঁর অধীনে কর্মরত পাঁচ জন আধিকারিকের মোবাইলে নির্দিষ্ট ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করানোর ব্যবস্থা করেছিলেন। তদন্তকারীদের সন্দেহ, এর উদ্দেশ্য ছিল ওই আধিকারিকদের ফোনে থাকা সংবেদনশীল তথ্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের কথোপকথন ফাঁস করা। দিল্লি পুলিশের দাবি, অভিযুক্তের হোয়াটসঅ্যাপ তথ্য পরীক্ষা করে পাকিস্তানি অপারেটিভের সঙ্গে বিপুল পরিমাণ যোগাযোগের প্রমাণ মিলেছে। দু'জনের মধ্যে মোট ৩,০০৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছ'টি ইউআরএল আদানপ্রদান হয়েছিল বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।



