চণ্ডীগড়, ১৪ নভেম্বর: বিশ্ববিদ্যালয় চত্বরে হঠাৎ গুলির শব্দ। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ছুটে গিয়ে ঘরের ভিতরে যা দেখা গেল, তাতে কার্যত স্তব্ধ হয়ে যান উপস্থিত সকলে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন এক পুলিশকর্মী। শুক্রবার বিকেলে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশকর্মীর নাম গুরমঙ্গত সিং। বয়স ৩৬ বছর। তিনি অমৃতসরের বাসিন্দা এবং পঞ্জাব পুলিশের ৮২ নম্বর ব্যাটালিয়নে হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান উদ্যানপালক শের সিংয়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। প্রায় তিন মাস আগে তাঁকে ওই নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন একটি ঘরে ছিলেন গুরমঙ্গত। আচমকাই সেখানে গুলির শব্দ শোনা যায়। শব্দ পেয়ে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও অন্যরা ছুটে গিয়ে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশের প্রাথমিক অনুমান, নিজের সরকারি আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই হেড কনস্টেবল। যদিও ঠিক কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি।
ডিএসপি রাম গোপাল জানিয়েছেন, ঘটনার নেপথ্যে থাকা কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সেক্টর ১১ থানার পুলিশ এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। আরও জানা গিয়েছে, মৃত পুলিশকর্মীর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি শের সিংয়ের সঙ্গে জয়ন্তী মাজরিতে থাকতেন বলে খবর। ইতিমধ্যেই তাঁর পরিবারকে ঘটনার কথা জানানো হয়েছে। শনিবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।



