এসআইআরে নাম বাদ নিয়ে বেসামাল বিজেপি, জ্ঞানেশের বিরুদ্ধে পথে যোগীও
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ঘরে ঘরে যান। যত বৈধ নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের পাশে দাঁড়ান। সঙ্গে রাখুন ভোটার তালিকা। প্রত্যেক ভোটারকে সাহায্য করুন, যাতে তাঁরা কোনো সমস্যা ছাড়াই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারেন।’ কোনো বিরোধী নেতানেত্রী নন, উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেক নেতা, জেলা সভাপতি, বিধায়ক, এমপি সকলকে নিয়ে দিনভর বৈঠক করে এই নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দ্ব্যর্থহীন ভাষায়। তাঁর প্রশ্ন, ‘এভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে যে ভোটার তালিকা তৈরি হল, সেখানে ঠিক বেছে বেছে এত হিন্দু ভোটারের নাম বাদ কেন? রহস্য কী? ১ কোটি ২৭ লক্ষ ভোটারে নাম বাদ যাওয়া বরদাস্ত করা হবে না।’ যোগী দলের পদাধিকারীদের নির্দেশ দিয়েছেন, ‘পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে যেতে হবে আমাদের।’ যোগী আদিত্যনাথ প্রবল ক্ষোভ প্রকাশ করেছিলেন কয়েকদিন আগেই। তোপ দেগেছিলেন নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধেই। যোগী আদিত্যনাথের সেই ক্ষোভ যে নিছক সাময়িক নয়, তার প্রমাণ মিলছে। কমিশনের উপর আর তাঁর বিশ্বাস নেই—সেটাও স্পষ্ট। ১৭ নভেম্বর উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। সেদিনই নাম তোলার আবেদন শুরু হয়ে যাবে। বিভাজনের রাজনীতি, মূল্যবৃদ্ধি, বুলডোজার নীতি... এই সবের তাড়নায় এমনিতেই ক্ষিপ্ত হয়ে রয়েছে আম জনতা। তার উপর এসআইআরের গেরো। এই পরিস্থিতিতে মরিয়া যোগী দলকে বলেছেন, ‘প্রত্যেক ভোটার যেন অনুভব করে, আমরা পাশে আছি।’

Advertisement

যোগী আদিত্যনাথের নির্দেশ পেয়েই ঝাঁপিয়ে পড়েছে উত্তরপ্রদেশ বিজেপি। খোদ মুখ্যমন্ত্রীর গলায় বিরোধী সুর। তার উপর আচমকা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ও অভিযান কর্মসূচি। বিরোধীরা অবশ্য ইতিমধ্যেই কটাক্ষ শুরু করে দিয়েছে। শুক্রবার কংগ্রেস নেতা বীরেন্দ্র চৌধুরী বলেছেন, ‘দেরিতে হলেও যোগীজির ঘুম ভেঙেছে। কারণ, কমিশন কোনো এক অজ্ঞাত কারণে যোগীজির ভোটব্যাংকেও হয়তো হাত দিয়েছে। তাই বিজেপিই এখন বেসামাল। ভোটে লোকসানের আভাস এখনই পাচ্ছে। তাই এখন কমিশনের বিরুদ্ধে... এসআইআরের বিরুদ্ধে নামতেই হবে। এতদিন ধরে আমরা বলা সত্ত্বেও যোগীজির ঘুম ভাঙেনি। এবার নিজের ঘরে আগুন লেগেছে।’ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব প্রশ্ন করেছেন, ‘কমিশন তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। তারাই উত্তরপ্রদেশে বিজেপির নিজের ভোট বাদ দিয়েছে? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি উত্তরপ্রদেশে হারতে চায়?’ অখিলেশ যে এভাবে যোগী আদিত্যনাথ বনাম বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মতান্তর ও দূরত্বকেই উসকে দিলেন, তাতে সন্দেহ নেই। যোগীর ক্রোধের কারণ, উত্তরপ্রদেশে ৬৬ লক্ষ এমন ভোটার আছে, যাদের নাম পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকায় আছে। কিন্তু বিধানসভা নির্বাচনের তালিকায় নেই। সেই রাজস্থানের পুনরাবৃত্তি। কারণ এখানেও পঞ্চায়েত ভোটের তালিকা তৈরি করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর বিধানসভার ভোটার তালিকার দায়িত্ব জ্ঞানেশ কুমারের কমিশনের। ৫৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে উত্তরপ্রদেশে, যারা দীর্ঘদিন ধরেই সবরকম সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকে। যোগী প্রশ্ন তুলছেন, ‘এত বিপুল সংখ্যক অবৈধ ভোটার সরকারের তালিকায় থাকতে পারে না। তারা তো সবরকম প্রমাণপত্র জমা দিয়েই সরকারি প্রকল্পের উপভোক্তা হয়েছে।’ বিজেপির বাড়তি উদ্বেগ হল, সাড়ে ৪ লক্ষ নতুন ভোটারের নাম বাদ গিয়েছে। বিস্ময়কর তথ্য পাওয়া যাচ্ছে ফর্ম-৬ নিয়ে। শুধুমাত্র অক্টোবর মাসেই ৫ লক্ষ ২৫ হাজার ফর্ম-৬ পূরণ হয়েছে। ২০২৪ সালে রামমন্দির উদ্বোধন করেও উত্তরপ্রদেশে লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি। খাস অযোধ্যায় পরাস্ত হয়েছে বিজেপি। এবার বিধানসভা ভোটের আগের বছর সবথেকে বড়ো অস্বস্তি হল সেই রামমন্দিরে লাগাতার প্রণামী বাক্সে চুরি। হিন্দু ভোটব্যাংক ক্ষুব্ধ। তার মধ্যে আবার ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটার বাদ! সেটাও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। যোগী আদিত্যনাথ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন!