যমুনায় মাছের মৃত্যু, তদন্তের দাবি আপের
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: যমুনার জলদূষণ নিয়ে প্রায়শই শাসক দল বিজেপিকে নিশানা করে আম আদমি পার্টি সহ বিরোধী দলগুলি। চাপের মুখে মাঝে মধ্যে ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে। দিনকয়েক আগে উত্তর-পূর্ব দিল্লির সোনিয়া বিহার ঘাটে যমুনায় ডুব দিয়েছিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। সাঁতার কেটে, নদীর জল খেয়ে বলেছিলেন— ‘দূষণমুক্ত যমুনা।’ এবার সেই সোনিয়া বিহারের কাছেই যমুনায় ঝাঁকে ঝাঁকে মরা মাছ ভেসে উঠল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। শুক্রবার বিষয়টি নিয়ে তদন্তের দাবিতে সরব হলেন দিল্লির আম আদমি পার্টির সভাপতি সৌরভ ভরদ্বাজ। যমুনায় ক্রমবর্ধমান দূষণের কথা উল্লেখ করার পাশাপাশি প্রশাসনের গড়িমসি নিয়েও তীব্র সমালোচনা করেছেন তিনি। তাঁর কথায়, মাছের মৃত্যুর তদন্তের জন্য এখনও পর্যন্ত জলের নমুনাই সংগ্রহ করা হয়নি। যদিও বিজেপির বক্তব্য, দিল্লির সরকারকে বদনাম করার আপ্রাণ চেষ্টা চলছে। আপের নেতা-কর্মীরাই মরা মাছ নিয়ে গিয়ে নদীতে ফেলেছে।

Advertisement