বিরোধী নয়, বিজেপির বিরুদ্ধেই লড়াই, দাবি চন্দ্রশেখর আজাদের
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা। হাত মিলিয়েছেন চন্দ্রশেখর আজাদ ও আসাদউদ্দিন ওয়াইসি। যোগীরাজ্যে ভোটের আগে চর্চার কেন্দ্রে তাদের নয়া জোট ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ (এসপিএম)। শুক্রবার এ প্রসঙ্গে আজাদ স্পষ্ট জানালেন, ‘বিরোধীদের বিরুদ্ধে লড়াই করতে চাই না। আমাদের লড়াই শাসকদলের বিরুদ্ধে। বিজেপিকে উৎখাত করার সংকল্প নিয়েছি আমরা। এই জোট বিজেপির কফিনে শেষ পেরেক পুঁতে দেবে।’ 

Advertisement

প্রায় ৩০ বছর পর উত্তরপ্রদেশে আত্মপ্রকাশ করেছে নতুন জোট। একদিকে দলিত আইকন যুব নেতা চন্দ্রশেখর আজাদের দল আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম)। অন্যদিকে হায়দরাবাদের এমপি তথা মুসলিম সমাজের অন্যতম প্রধান নেতা আসাদউদ্দিন ওয়াইসির দল মিম। বিজেপিকে টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরা থেকে আটকাতে গাঁটছড়া বেঁধেছে দুই দল। নতুন জোট প্রসঙ্গে বলতে গিয়ে আজাদের দাবি, ‘এতদিন যাঁরা সমাজের প্রান্তিক স্তরে ছিলেন, এবার তাঁরা প্রাপ্য সম্মান পাবেন।’ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ করে বলেন, ‘যিনি নিজেকে হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে দাবি করেন, তাঁর রাজ্যেই তরুণীদের দেহ গভীর রাতে দাহ করা হচ্ছে। অথচ সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী সূর্যাস্তের পরে অন্ত্যেষ্টি সম্পন্ন করা উচিত নয়।’ এই ধরনের একাধিক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, হাথরাসের ঘটনার ক্ষত এখনও তাঁর স্মৃতিতে টাটকা। আজাদ আরও জানান, বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফে তাঁর কাছে একাধিক ফোন আসছে। তাঁর দাবি, এনডিএ-র শরিক একটি দলও জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে ওই দলকে জানিয়েছেন তিনি। পাশাপাশি, বিরোধী ‘ইন্ডিয়া’-র অন্তর্ভুক্ত একটি দলও সামাজিক পরিবর্তন মোর্চায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বলে দাবি করেন আজাদ।