গান্ধী পরিবারকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর হিমাচল প্রদেশে
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:৪৩
Prefer us on Google

সিমলা, ১৪ নভেম্বর: একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে বিতর্কের কেন্দ্রে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যু এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে তাঁর করা মন্তব্যকে ঘিরে এবার আইনি পদক্ষেপ গ্রহণ করল হিমাচল প্রদেশ পুলিশ। সিমলায় অভিযোগ, তাঁর পোস্টে এমন কিছু ইঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য রয়েছে, যা সমাজে বিদ্বেষ ছড়াতে পারে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার, ১৩ নভেম্বর এই মামলা দায়ের করা হয়। সিমলার বাসিন্দা এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতেই এফআইআর রুজু হয়েছে। তাঁর দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাঁর দুই পুত্র সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যুকে ঘিরে একাধিক বিতর্কিত ইঙ্গিত করেন কঙ্গনা। ওই পোস্টে সোনিয়া গান্ধীকে 'রহস্যময় বিদেশি নাগরিক' বলে উল্লেখ করা হয়েছে বলেও অভিযোগ। এছাড়াও সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর মানেকা গান্ধীর পারিবারিক বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রসঙ্গও ওই পোস্টে তুলে ধরা হয় ওই পোস্টে এমনটাও জানান তিনি। এই ধরনের মন্তব্য নিছক রাজনৈতিক সমালোচনা নয়। বরং তা জনমনে বিভ্রান্তি, বিদ্বেষ এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার পরিবেশ তৈরি করতে পারে বলে জানান অভিযোগকারী।

এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে ইমেলের মাধ্যমে হিমাচল প্রদেশের ডিজিপির কাছে অভিযোগ পাঠিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ক্যাপ্টেন অতুল শর্মা। তাঁর দাবি ছিল, অবিলম্বে এফআইআর দায়ের করে কঙ্গনার পোস্টের ফরেনসিক ও সাইবার তদন্ত করা হোক। পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করারও আবেদন জানান তিনি।