টানেলের মধ্যে হঠাৎ বিকট শব্দ! আতঙ্কে গাড়ি থামালেন চালকরা, তারপরে...
  • ১৪ নভেম্বর, ২০২৬ ১২:৪০
Prefer us on Google

উদয়পুর, ১৪ নভেম্বর: এক্সপ্রেসওয়ের টানেলে ভয়ঙ্কর ঘটনা! হঠাৎ বিকট শব্দ!  দীপাবলির ঘোর কি এখনও কাটেনি? তাই বলে জাতীয় সড়কের টানেলে কেউ বাজি পোড়াবেন? এই ঘটনা অনেকেরই ধারণার বাইরে। একেবারে টানেলের ভিতরে গাড়ি থেকে নেমে বাজি ফাটানোর ঘটনায় সোশ্যাল মিডিয়া তোলপাড়। সেই বাজির বিকট শব্দে আতঙ্কে অনেকেই গাড়ি থামিয়ে দেন। যেকোনো সময়ে ঘটে যেতে পারত বড়ো কোনো দুর্ঘটনা। যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান ডিজিটাল) দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে এনএইচ-৫৮-র উপর রাজস্থানের উদয়পুরের চিরওয়া টানেলের ভিতরে বাজি ফাটাচ্ছেন কয়েকজন। সূত্রের খবর, তাঁরা একই পরিবারের সদস্য।

সবচেয়ে ভয়ের বিষয় হল, সুড়ঙ্গের ভিতরে বাজি পোড়ানো অত্যন্ত বিপজ্জনক। কারণ টানেলের ভিতরে সীমিত বায়ু চলাচল করে। এই আচরণের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। কেউ কেউ কঠোর শাস্তির দাবি তুলেছেন। আবার কেউ লিখেছেন, ‘জিরো সিভিক সেন্স!’ অনেকেরই দাবি, মোটা জরিমানা সহ-অভিযুক্তদের লাইসেন্স বাতিল করা উচিত। তবে সত্যিই কি টানেলের ভিতরে এভাবে বাজি পোড়ানো যায়? যদি বড়ো কোনো দুর্ঘটনা ঘটত, তবে তার দায় কার হতো? সেই প্রশ্ন তুলছেন অনেকেই।