লখনউ, ১৪ নভেম্বর: গভীর রাত। বাসে ছিলেন ৪০ জন যাত্রী। সকলেই প্রায় ঘুমোচ্ছিলেন, কিন্তু এরই মধ্যে বড়োসড়ো দুর্ঘটনা। চলন্ত বাসে হঠাৎ জ্বলে উঠল আগুন। ভয়ে চিৎকার করে ওঠেন যাত্রীরা। তবে চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন সকলেই।
শুক্রবার গভীর রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের ছতরপুরগামী বাসে আগুন লাগে। গলগল করে বের হতে থাকে ধোঁয়া। উত্তরপ্রদেশের রায়া থানা এলাকার ঘটনা। যমুনা এক্সপ্রেসওয়েতে হঠাৎ যাত্রীবাহী বাসে এই ভয়ঙ্কর আগুন লাগার ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আধিকারিক-সহ দমকল এসে পৌঁছয় কিছুক্ষণের মধ্যেই। এক পুলিশ আধিকারিক জানান, প্রায় দেড় ঘণ্টা কঠোর প্ররিশ্রমের পরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। যাত্রীদের সকলকেই নিরাপদে বের করা হয়েছে।
রাত ১টা বেজে ৩৮ মিনিট। সেই সময় পুলিশ খবর পায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণেই বাসে আগুন লাগে। যাত্রীরা তখন অনেকেই ঘুমোচ্ছিলেন। তখনই পোড়া গন্ধ পান অনেকেই। এরপরেই বাসটিতে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায়। তবে চালকের তৎপরতায় দ্রুত সকলেই বেরিয়ে আসেন। তবে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।



