সংবাদদাতা, মানিকচক: মানিকচকের মথুরাপুরের বোচাহি গ্রামে প্রায় একমাস জলমগ্ন রাস্তা। এক হাঁটু জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। দুর্ঘটনার আশঙ্কায় সন্তানদের বিদ্যালয়েও পাঠাচ্ছেন না অনেক অভিভাবক। নিকাশি ব্যবস্থা না থাকায় এই সমস্যা বলে দাবি বাসিন্দাদের। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে জানানো হয়েছে বলে দাবি বাসিন্দাদের।
বোচাহির চাইপাড়া গ্রামে প্রায় তিনশো পরিবারের বাস। অভিযোগ, গত ২০ বছর বর্ষায় প্রায় চারমাস জলমগ্ন থাকে এই গ্রামের মূল রাস্তার প্রায় ১০০ মিটার অংশ। প্রথম দিকে রাস্তার পাশে একটি জলাশয় থাকায় বৃষ্টির জল সেখানে চলে যেত। কিন্তু পুকুরটির বেশিরভাগ অংশ কে বা কারা ভরাট করে দেওয়ায় এখন আর জল নিকাশির কোনও ব্যবস্থা নেই গ্রামে। অন্যদিকে রাস্তাটি অনেক নিচু হওয়ায় সব জল সেখানে এসে জমা হয়। স্কুল যাওয়ার সময় অনেক শিশুর পোশাক জমা জলে ভিজে যায়। পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে এই সময় স্কুলে পাঠাতে চান না অভিভাবকরা। মথরাপুর গ্রাম পঞ্চায়েত, মানিকচক পঞ্চায়েত সমিতি সহ মুখ্যমন্ত্রী দপ্তরে অভিযোগ জানিয়েও কাজ হচ্ছে না বলে দাবি। স্থানীয় বাসিন্দা রমেন চন্দ্র মণ্ডল বলেন, বছরে প্রায় চার মাস নরকযন্ত্রণা ভোগ করতে হয়। বড় বিপদ হলে তার দায় কে নেবে! সমস্ত জায়গায় জানালেও গুরুত্ব দেওয়া হয়নি। দ্রুত রাস্তা উঁচু করে জল নিকাশির ব্যবস্থা না করলে আন্দোলনে নামতে বাধ্য হবেন বাসিন্দারা। মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি মণ্ডল বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে নিকাশি নালার প্রস্তাব দেওয়া হয়েছে। আশাকরি খুব দ্রুত কাজ হবে। নিজস্ব চিত্র