কলম্বো: তিন ফরম্যাটে এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার কে? যশপ্রীত বুমরাহকে বেছে নিতে সময় নেননি শ্রীলঙ্কার প্রাক্তন পেসার ফারভেজ মাহরুফ। শুধু তাই নয় তিনি বুমবুকে তুলনা করেছেন কিংবদন্তি ওয়াসিম আক্রামের সঙ্গে। মাহরুখের কথায়, ‘২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহের বিরুদ্ধে খেলেছিলাম। তখন ও সবে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে। এখনকার বুমরাহের সঙ্গে বিস্তর ফারাক। ওর বিবর্তন দেখে সত্যিই অবাক হয়ে যাই। অসাধারাণ ক্রিকেটার। এই মুহূর্তে বিশ্বের সেরা। এটা শুধু আমার মত নয়। বিপক্ষ টিমের যে কোনও ব্যাটারকে প্রশ্ন করুন, কোন বোলারকে খেলতে সমস্যা হয়? ১০০ জনের মধ্যে ৯০ জন বুমরাহর নামই নেবে। ওর বোলিং আমায় আক্রামকে মনে করায়।’
যশপ্রীত বুমরাহর দক্ষতা নিয়ে সংশয়ের অবকাশ নেই। তবে সম্প্রতি ফিটনেস সমস্যা ভোগাচ্ছে তাঁকে। সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তিনটির বেশি টেস্ট খেলেননি তিনি। তাই সমালোচনার মুখেও পড়তে হয় ভারতীয় পেসারকে। এই প্রসঙ্গে বুমরাহের পাশে দাঁড়িয়ে মাহরুখ সতর্ক করেছেন বিসিসিআইকে। তিনি বলেন, ‘বুমরাহ বারবার চোট পাচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আসলে ওর বোলিং অ্যাকশনটা অন্যদের থেকে আলাদা। পিঠের উপর বেশি চাপ পড়ছে। তবে বুমরাহ ভারতীয় ক্রিকেটের সম্পদ। ওর মতো প্রতিভা কালেভদ্রেই আসে। ও ভারতীয় ক্রিকেটের সম্পদ। তাই বিসিসিআইয়ের উচিত, ওর ওয়ার্কলোড ভালোভাবে ম্যানেজ করা।’ ইংল্যান্ড সফরে বুমরাহের তিনটি ম্যাচ খেলার প্রসঙ্গে তাঁর সংযোজন, ‘তার আগে অস্ট্রেলিয়া সফরে নিজেকে নিংড়ে দিয়েছিল। সবক’টা ম্যাচই খেলেছিল। সেই ধকল ওর শরীর নিতে পারেনি। শেষ ম্যাচ চলাকালীন চোটও পায়। তাই লইংল্যান্ডে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সঠিক। তাছাড়া পেসাররা এমনতিই চোট-আঘাত বেশি পায়। সে যতই ট্রেনিং করুক। বুমরাহর ফ্যান হিসেবে চাইব, ও অনেক বছর খেলা চালিয়ে যাক।’