নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: খড়্গপুর আইআইটিতে ভর্তি হওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল মহারাষ্ট্রের এক পড়ুয়া। তাঁর কাছে নাকি ভর্তির ব্যাপারে ইমেল গিয়েছে! কিন্তু, খড়্গপুর পৌঁছনোর আগেই ট্রেন থেকে নিখোঁজ হয়ে যান ওই পড়ুয়া। পুলিস সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ছাত্রের নাম অর্জুন রবীন্দ্রকুমার পাতিল। বয়স ১৯ বছর। তাঁর বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার চোপদা তহসিল এলাকায়। ওই ছাত্র নিখোঁজ হওয়ার পর প্রশ্ন উঠছে, আইআইটিতে ভর্তির ওই ই-মেলটি যে ভুয়ো, তা কি জানতেন না ওই ছাত্র? নিজের বাবা-মাকেও কি আইআইটিতে ভর্তি নিয়ে মিথ্যে কথা বলেছিলেন?
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২০ আগস্ট সকালে অর্জুন ও তাঁর বাবা রবীন্দ্রকুমার ভীমরাও পাতিল লোকমান্য তিলক টার্মিনাস থেকে খড়্গপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন। তাঁরা শালিমার এক্সপ্রেসে চেপেছিলেন। ২১ আগস্ট সকালে ঝাড়খণ্ডের চাকুলিয়া স্টেশনে ট্রেন দাঁড়ালে অর্জুন বাথরুমে যান। তারপর তিনি আর সিটে ফিরে আসেননি। ছেলে ফিরছে না দেখে অর্জুনের বাবা খোঁজাখুজি শুরু করেন। কিন্তু সন্ধান পাননি। তিনি চাকুলিয়াতেই ট্রেন থেকে নেমে খোঁজাখুঁজি করেন। সেই স্টেশনে কর্তব্যরত রেল পুলিসকে তিনি বিষয়টি জানান। রেলপুলিস তাঁকে খড়্গপুরে রেল পুলিসের কাছে অভিযোগ জানাতে বলে। এরপর রবীন্দ্রকুমার অন্য একটি ট্রেনে খড়্গপুরে এসে রেল পুলিসের কাছে ছেলে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। যদিও পরিবারের সদস্যদের দাবি, অর্জুনকে অপহরণ করা হয়েছে। রেল পুলিস জানিয়েছে, অর্জুনের খোঁজে সর্বত্র তল্লাশি চালানো হচ্ছে। তাঁর কাছে মোবাইল না থাকায় খুঁজে পেতে সমস্যা হচ্ছে। ইতিমধ্যে নিখোঁজ ছাত্রের ছবি বিভিন্ন স্টেশনে সাঁটানো হয়েছে। পরিবারের দাবি, অর্জুন যথেষ্ট মেধাবী ছাত্র। আইআইটিতে ভর্তির জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। জেই অ্যাডভান্সড পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন বলে বাড়ির লোকদের জানিয়েছিলেন অর্জুন। তবে এই দাবির কোনও সত্যতা পাওয়া যায়নি। আইআইটি খড়্গপুরের এক আধিকারিক বলেন, ‘এখানে ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তাছাড়া, ওই ছাত্র যে ই-মেলের কথা বলছেন, সেটি সম্ভবত ভুয়ো।’