Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সমাজ বিরোধীদের দৌরাত্ম্য রুখতে বন্ধ মহানন্দ কলোনির শিশু উদ্যান

সমাজ বিরোধীদের দৌরাত্ম্য রুখতে গিয়ে দুর্গাপুর ৪১ নম্বর ওয়ার্ডের মহানন্দ কলোনির শিশু উদ্যান (পার্ক) তালা বন্ধ হয়ে পড়ে আছে।  একাধিক খেলার সরঞ্জাম সহ  ঝাঁ-চকচকে পার্কটি এখন ঝোপেঝাড়ে ভরে গিয়েছে।

সমাজ বিরোধীদের দৌরাত্ম্য রুখতে বন্ধ মহানন্দ কলোনির শিশু উদ্যান
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: সমাজ বিরোধীদের দৌরাত্ম্য রুখতে গিয়ে দুর্গাপুর ৪১ নম্বর ওয়ার্ডের মহানন্দ কলোনির শিশু উদ্যান (পার্ক) তালা বন্ধ হয়ে পড়ে আছে।  একাধিক খেলার সরঞ্জাম সহ  ঝাঁ-চকচকে পার্কটি এখন ঝোপেঝাড়ে ভরে গিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকার শিশুদের একমাত্র খেলাধূলার জায়গা ওই পার্কটি। স্থানীয় প্রশাসন সমাজবিরোধীদের তাড়াতে গিয়ে পার্কটি তালাবদ্ধ করে রেখেছে। ফলে এলাকার বাচ্চারা খেলাধূলা থেকে বঞ্চিত হচ্ছে। তাঁদের দাবি, দ্রুত ঝোপেঝাড় পরিষ্কার করে শিশুদের জন্য পার্কটি খোলা হোক। এলাকার প্রাক্তন কাউন্সিলার দ্রুত পার্কটি খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন। পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরসভার প্রতিটি এলাকায় শিশুদের খেলাধূলার জন্য একাধিক শিশু উদ্যান গড়ে তোলা হয়েছিল কয়েক বছর আগে। কোক ওভেন থানা এলাকায় মহানন্দ কলোনিতেও একটি শিশু উদ্যান গড়ে তোলা হয় সেই সময়। শিশুরা সকাল বিকেল সেখানে খেলাধূলা করত। এলাকার বয়স্ক মানুষজন পার্কে সময় কাটাতে আসতেন। তবে পার্কটির তৈরির কিছুদিন পর থেকে সন্ধ্যা নামতেই ওই পার্কে সমাজবিরোধীদের মদ গাঁজা ও জুয়ার আসর বসতে শুরু করে। এলাকাবাসী তাদের দৌরাত্ম্যে অতিষ্ট হয়ে ওঠেন। দু’মাস আগে এলাকাবাসী সুবীর সরকার ওই সমাজবিরোধীমূলক কার্যকলাপের প্রতিবাদ করেন। সমাজবিরোধীরা প্রতিবাদীর গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পুলিস ও স্থানীয় প্রাক্তন কাউন্সিলার আসেন। ওই সমাজবিরোধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। ওইসময় থেকে পার্কটিতে তালা বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পরে প্রাক্তন কাউন্সিলার শিপুল সাহা স্থানীয়দের জানান, সকালে ও বিকালে কেবল তালা খোলা হবে। প্রতিদিন সন্ধ্যার পরে তালা বন্ধ করে দেওয়া হবে। সমাজবিরোধীদের দৌরাত্ম্য বন্ধ করতে গিয়ে পার্কটি একেবারে বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা পারমিলা দেবী ও রুবি সেন বলেন, সমাজবিরোধীমূলক কার্যকলাপ বন্ধ হোক আমরাও চাই। তবে সেই বিষয়টা পুলিস প্রশাসন নিয়ন্ত্রণ করবেন। কিন্তু এলাকার শিশুরা কেন খেলাধূলা থেকে বঞ্চিত হবে। এলাকার শিশুদের জন্য দ্রুত পার্কটি খুলে দিতে হবে। প্রাক্তন কাউন্সিলার শিপুল সাহা বলেন, পার্কটি ঝোপঝাড়ে ভরে গিয়েছে। দ্রুত পরিষ্কার করে তালা খুলে দেওয়া হবে। তবে সন্ধ্যার পরে ফের তালাবন্ধ করে দেওয়া হবে।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ