Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে উন্মাদনা, কান্দির তৃণমূল কর্মীদের বাড়ি থেকে টিফিন আনার পরামর্শ

সূতিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে উন্মাদনা দেখা গিয়েছে কান্দি মহকুমা এলাকাতেও

মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে উন্মাদনা, কান্দির তৃণমূল কর্মীদের বাড়ি থেকে টিফিন আনার পরামর্শ
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: সূতিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে উন্মাদনা দেখা গিয়েছে কান্দি মহকুমা এলাকাতেও। দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় সভা হলেও কান্দি মহকুমা থেকেও কর্মীরা সেখানে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। যাঁরা সভায় যাবেন, তাঁদের সঙ্গে করে টিফিন নেওয়ার পরামর্শ দিয়েছে জেলা নেতৃত্ব।

Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে সূতির ছাবঘাটি কে ডি বিদ্যালয় মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। ওই সভা তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার হলেও সেখানে বহরমপুর সাংগঠনিক জেলা থেকেও দলের বহু কর্মী ভিড় করবেন বলে জানা গিয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০০টির বেশি বাসের ব্যবস্থা করেছে বহরমপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। এছাড়াও রয়েছে অসংখ্য ছোট গাড়ি। তার মধ্যে কান্দি মহকুমার চারটি ব্লক থেকে অন্তত ২০টি বাস ছাড়বে। ভরতপুর-১ ও ২, কান্দি ও বড়ঞা ব্লক এলাকা থেকে প্রায় ২০০টি ছোট গাড়ি যাবে। ফলে ব্যাপক ভিড় হবে।
দলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, মুখ্যমন্ত্রীর সভায় কান্দির বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার কর্মী সভায় যেতে আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু, সকলকে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য বা পরিকাঠামো আমাদের নেই। যাঁরা সভায় যাবেন, তাঁদের জন্য কোনও টিফিনের ব্যবস্থা থাকবে না। শুধুমাত্র জলের ব্যবস্থা থাকবে। তাই যাঁরা সভায় যাবেন, তাঁদের প্রত্যেককে সঙ্গে করে টিফিন নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে মুড়ি, আলুভাজা নিয়ে আসার কথা বলা হয়েছে।
কান্দি মহকুমার খড়গ্রাম ব্লক জঙ্গিপুর সাংগঠনিক জেলার মধ্যে পড়ে। তাই এই ব্লকের কর্মীরা সভায় গেলে টিফিনের প্যাকেট পাবে। খড়গ্রামের তৃণমূল বিধায়ক আশিস মার্জিত বলেন, ব্লক এলাকা থেকে প্রায় ২০টি বাস ও ২০০টি ছোট গাড়ি সভায় রওনা দেবে। বেলা ১১টায় প্রতিটি গাড়ি শেরপুর গ্রামের কাছে এসে দাঁড়াবে। তারপর গাড়িগুলি একসঙ্গে সভার দিকে রওনা দেবে। প্রত্যেক কর্মীর হাতে তুলে দেওয়া হবে টিফিনের প্যাকেট ও জলের বোতল।

Advertisement
সম্পর্কিত সংবাদ