বেঙ্গালুরু: বড় মঞ্চে জয় অভ্যাসে পরিণত করে ফেলেছেন রজত পাতিদার। মাস তিনেক আগে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সকে জিতিয়েছিলেন আইপিএল। এবার মধ্যাঞ্চলকে দলীপ ট্রফি চ্যাম্পিয়ন করলেন তিনি। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে আয়োজিত ফাইনালে দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে উড়িয়ে দিল মধ্যাঞ্চল।
প্রথম ইনিংসেই জয়ের ভিত মজবুত করে নিয়েছিল পাতিদার-ব্রিগেড। দক্ষিণাঞ্চলকে ১৪৯ রানে থামিয়ে তারা তুলেছিল ৫১১ রান। শতরান হাঁকান অধিনায়ক পাতিদার। প্রথম ইনিংসে ৩৬২ রানের লিড পায় তারা। ব্যর্থতা ভুলে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাড়ানোর চেষ্টা করেন মহম্মদ আজাহারউদ্দিনরা। এক রানের জন্য অঙ্কিত শর্মা শতরান হাতছাড়া করলেও দক্ষিণাঞ্চল তোলে ৪২৬ রান। মাত্র কুড়ি ওভাতেই ৪ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে ১৯৪ রানের সৌজন্যে ম্যাচের সেরা হয়েছেন যশ রাঠোর। ম্যাচ শেষে পাতিদার বলেন, ‘সব অধিনায়ক ট্রফি জয়ের জন্যই মাঠে নামে। তবে আমরা পরিকল্পনা মাফিক খেলতে পেরেছি। তাই এই জয় দলগত প্রচেষ্টার ফসল। ভবিষ্যতেও মধ্যাঞ্চলের হয়ে ট্রফি জয়ের চেষ্টা করব।’