নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরবাসীর অনেক দিনের দাবি পূরণ হল বুধবার সকালে। রামপুরহাটগামী মা তারা এক্সপ্রেস শিয়ালদহের পরে বারাকপুরে স্টপেজ দিল। এদিন সকাল ৭টা ৪১ মিনিটে বারাকপুর স্টেশনে ওই এক্সপ্রেস ঢুকতেই নাচে গানে, ঢাক বাজিয়ে, ফুল ছুড়ে বরণ করা হয়। চালককে লাড্ডু খাইয়ে তাঁর হাতে পদ্মফুল তুলে দেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী।
বেশ কয়েকজন যাত্রী জানালেন, তারাপীঠ যাওয়ার জন্য আর শিয়ালদহ গিয়ে ট্রেন ধরতে হবে না। বারাকপুর থেকে ওঠা যাবে। শুধু তারাপীঠ নয়, বোলপুর শান্তিনিকেতন যাওয়ার ক্ষেত্রেও খুবই সুবিধা হবে বারাকপুরবাসীর। বিধায়ক জানান, এটাই ডবল ইঞ্জিন সরকারের সাফল্য। রেলমন্ত্রীকে চিঠি লিখেছিলাম। এদিন বাস্তবায়িত হল। এছাড়া বারাকপুর স্টেশনে প্ল্যাটফর্ম এক্সটেনশন হবে। আরও অনেক এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে। ফুটওভার ব্রিজ নতুন করে তৈরি হবে।