Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রিয়াল মাদ্রিদকে আলবিদা জানালেন লুকা মডরিচ

রিয়াল মাদ্রিদে লুকা মডরিচের ভবিষ্যত্ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল।

রিয়াল মাদ্রিদকে আলবিদা জানালেন লুকা মডরিচ
  • ২৪ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

মাদ্রিদ: রিয়াল মাদ্রিদে লুকা মডরিচের ভবিষ্যত্ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল। তাতে ইতি টানলেন খোদ ব্যালন ডি’ওর জয়ী ক্রোয়েশিয়ান মিডিও। সোশ্যাল মিডিয়ায় মডরিচ জানিয়ে দিলেন, ক্লাব বিশ্বকাপের পরই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন তিনি। শনিবার লা লিগায় রিয়াল সোসিদাদের বিরুদ্ধে খেলবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে সেটাই হবে মডরিচের শেষ ম্যাচ। রিয়ালে কার্লো আনসেলোত্তিরও এটা শেষ ম্যাচ হতে চলেছে। শুক্রবার সরকারিভাবে এই ইতালিয়ান কোচের বিদায়ের কথা ঘোষণা করা হয়েছে। ফলে শনিবার ঘরের মাঠে আবেগে ভাসবেন রিয়াল সমর্থকরা।

Advertisement

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, মডরিচ আগামী মরশুমেও রিয়ালে থাকতে চেয়েছিলেন। তার জন্য বেতন কমাতে রাজি ছিলেন তিনি। কিন্তু রিয়াল জানিয়ে দেয়, আগামী মরশুমে তাঁকে ভাবা হচ্ছে না। তারপরই রিয়াল ছাড়ার কথা ঘোষণা করেন ৩৯ বছরের তারকা মিডিও। সোশ্যাল মিডিয়ায় বিদায়ী বার্তায় মডরিচ লেখেন, ‘সময় এসে গিয়েছে। অবশ্য আমি কখনও চাইনি এমন মুহূর্ত আসুক। আসলে এটাই ফুটবল। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ম্যাচ খেলব আমি।’ উল্লেখ্য, রিয়াল মাদ্রিদে এক দশকেরও বেশি সময় ধরে খেলছেন মডরিচ। ২০১২ সালে টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদে এসেছিলেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। ক্রমেই তিনি মাঝমাঠের অন্যতম ভরসা হয়ে ওঠেন। রিয়ালের জার্সিতে এখনও পর্যন্ত মোট ৫৯০টি ম্যাচে তাঁর গোলসংখ্যা ৫৩। এই পর্বে তিনি ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপ সহ মোট ২৮টি ট্রফি জিতেছেন। শুধু তাই নয় মেসি-রোনাল্ডোর তুমুল আধিপত্যের যুগেও ব্যালন ডি’ওর জিতে চমকে দিয়েছিলেন মডরিচ। বিদায়ী বার্তায় তিনি আরও লিখেছেন, ‘রিয়াল মাদ্রিদে বহু স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি। অবিশ্বাস্য সব ম্যাচ জিতেছি। সত্যি বলতে কী, এই ক্লাবে এসে খেলোয়াড় ও মানুষ হিসেবে আরও পরিণত হয়েছি। ইতিহাসের সেরা ক্লাবে সফল এক অধ্যায়ের অংশ হতে পেরে আমি গর্বিত। ক্লাব বিশ্বকাপের পর এই জার্সি পরে আর খেলব না ঠিকই, কিন্তু সারাজীবন এই ক্লাব আমার হৃদয়ে থাকবে।’ মডরিচকে আবেগঘন বার্তা পাঠিয়েছেন কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যামরাও।

সম্পর্কিত সংবাদ