Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লরির পাথর চাপা পড়ে মৃত্যু শ্রমিকের, চাঞ্চল্য

লরির পাথর চাপা পড়ে মৃত্যু শ্রমিকের, চাঞ্চল্য
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: ঝাড়খণ্ড থেকে লঞ্চে গঙ্গার এপারে আসা পাথর বোঝাই লরির পণ্য নামাতে গিয়ে পাথর চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের।  গঙ্গার মানিকচক ঘাটের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে নয়নপুরে। বর্ষার পর থেকে লঞ্চে যাত্রী ছাড়া পণ্যবাহী গাড়ি পারাপার বন্ধ থাকলেও কীভাবে এদিন ওভারলোডেড লরি এল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, সরকারি নির্দেশ অমান্য করে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় জলপথে চলছে মালবাহী লরি পারাপার। 
Advertisement
পাথর চাপা পড়ে মৃত শ্রমিকের নাম জামিল শেখ (২৯)। মানিকচকের নারায়ণপুর গ্রামের বাসিন্দা জামিল এদিন লরি খালি করতে যান নারায়ণপুর স্ট্যান্ডে। লঞ্চে করে ঝাড়খণ্ড থেকে একটি পাথর বোঝাই লরি আসে। হঠাত্ লরির বাঁ দিকের চাকা মাটিতে বসে গিয়ে ডালা খুলে যায়। গাড়ির পাথর জামিলের উপর পড়ে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মানিকচক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 
মৃতের কাকা আব্দুল ওয়াহাব বলেন, লরিতে অতিরিক্ত মাল বোঝাই করা ছিল। যার ফলে মাটি ধসে পাথর চাপা পড়ে ভাইপোর মৃত্যু হয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, মানিকচক ঘাটে বর্তমানে বন্ধ রয়েছে মালবাহী লরির চলাচল। তারপরও কীভাবে ঝাড়খণ্ড থেকে অতিরিক্ত মালবাহী লরি এল? এবিষয়ে ঘাট কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে।
বারবার ফোন করলেও রিসিভ না করায় মালদহ জেলাশাসক, মহকুমা শাসকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁরা মেসেজের উত্তর দেননি।
দুর্ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবারের পক্ষ থেকে এখনও থানায় লিখিত অভিযোগ হয়নি। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে মানিকচক থানা।
সম্পর্কিত সংবাদ