Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সরছে নিম্নচাপ অক্ষরেখা, এমাসে আর বৃষ্টির সম্ভাবনা নেই

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত ছিল নিম্নচাপ অক্ষরেখা। ওই সূত্রে বঙ্গোপসাগর থেকে প্রবেশ করেছিল বেশি মাত্রায় জলীয়বাষ্প

সরছে নিম্নচাপ অক্ষরেখা, এমাসে আর বৃষ্টির সম্ভাবনা নেই
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত ছিল নিম্নচাপ অক্ষরেখা। ওই সূত্রে বঙ্গোপসাগর থেকে প্রবেশ করেছিল বেশি মাত্রায় জলীয়বাষ্প। তার জেরে মঙ্গলবার সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অল্প থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেরও কয়েকটি জেলায়। গোটা শীতকাল পেরোবার পর, এই প্রথম রাজ্যে কিছুটা বৃষ্টির দেখা মিলল। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, আজ বুধবার থেকে রাজ্যের কোনো জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপ অক্ষরেখাটি সরে যাচ্ছে।  এমাসে ফের বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। এখন মাঠে মাঠে পুরোদমে চলেছে নতুন আলু তোলার কাজ। এদিন যে বৃষ্টি হয়েছে তাতে আলু বা রবিশস্যের কোনো ক্ষতি হবে না। আশা করছে চাষি ও ব্যবসায়ী মহল। তবে এইসময় যেহেতু বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকে, তাই আলু মাঠ থেকে তাড়াতাড়ি তুলে ফেলারই পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এইসময়ের বৃষ্টি বোরো ধানচাষের জমিতে সেচের ক্ষেত্রে কিছুটা সুবিধা দেয়।

Advertisement

বায়ুমণ্ডলে বেশি পরিমাণে জলীয়বাষ্প থাকে। সঙ্গে থাকে আরো কিছু অনুকূল পরিস্থিতি। এজন্য ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন দক্ষিণবঙ্গে সোমবার রাত থেকেই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে শুরু করে। মঙ্গলবার ভোর থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি শুরু হয়। কোনো কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়েছে। বয়ে গিয়েছে জোরালো বাতাসও। দমদম আবহাওয়া অফিসে মঙ্গলবার সকালের দিকে ঘণ্টায় সর্বোচ্চ ৪৩ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়েছিল। 
আলিপুর আবহাওয়া অফিসে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬.৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দমদমে এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১২.৬ মিমি। এইসময়ের মধ্যে বারাকপুরে ১৯ মিমি, উলুবেড়িয়ায় ১৪.৮ মিমি, মগরায় ১৬ মিমি, কল্যাণীতে ১০.৬ মিমি, বসিরহাটে ১০.২ মিমি এবং বর্ধমানে ৮.৬ মিমি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে মূলত সকালের দিকে। পরে বৃষ্টি বন্ধ হলেও আকাশ কিছুটা মেঘলা ছিল। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও মালদহে বৃষ্টিপাত হয়েছে।
এই বৃষ্টির দরুন এবং দিনভর অংশত মেঘলা আকাশের জন্য দক্ষিণবঙ্গের সর্বত্র সর্বোচ্চ তাপমাত্রা সাময়িকভাবে কমে যায়। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা এইসময় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে  ৩.৭ ডিগ্ৰি কম। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে ছিল। আজ, বুধবার থেকে আকাশ পরিষ্কার হলে ফের সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে শুরু করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ