নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আজ সোমবার ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। রবিবার বঙ্গোপসাগরে একই জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এদিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ফের বেড়েছে। কলকাতা ও লাগোয়া এলাকাসহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই সারাদিন ধরে প্রায় টানা হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি শুরু হয়ে যায়। কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে। আজ, সোমবার ও আগামী কাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী, এমনকী অতিভারী বৃষ্টিও হতে পারে। আজ, সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কিছু স্থানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর,দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলায়। আগামী কাল, মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস আছে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার জন্য। আপাতত বুধবার দক্ষিণবঙ্গের কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। আজ ও আগামী কাল ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর প্রভৃতি জেলায়।



