সংবাদদাতা, বিষ্ণুপুর: প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ছাত্রী। দেখা না করলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছিল যুবক। তা শুনে সন্ধ্যায় ঘরের সামনে রাস্তায় সপ্তম শ্রেণির ওই ছাত্রী বেরনোমাত্র তাকে বাইকে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর তাকে জোর করে বিষ খাইয়ে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। জয়পুরের ঘটনায় পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নির্যাতিতা ছাত্রীকে প্রথমে জয়পুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম প্রবীরকুমার দে। বাড়ি জয়পুরের রাউতখণ্ডে। বিষক্রিয়ায় অসুস্থ থাকায় প্রথমে ধর্ষণের ঘটনার কথা জানাতে পারেনি। কিছুটা সুস্থ হতেই সে তার উপর হওয়া যৌন নির্যাতনের কথা জানায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়পুর থানা এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে টিউশনি ও স্কুলে যাওয়ার পথে বিরক্ত করত ওই যুবক। প্রেমের প্রস্তাব দিলেও ওই ছাত্রী তাতে সাড়া দেয়নি। গত ২৩জুলাই সন্ধ্যায় ছাত্রীর বাড়ির সামনে এসে ফোন করে ডাকে। সন্ধ্যাবেলা ছাত্রীটি বাড়ির বাইরে বেরতে অস্বীকার করে। যখন অভিযুক্ত যুবক বিষ খেয়ে আত্মহত্যা করবে বলে ছাত্রীটিকে ভয় দেখায়। তখন একপ্রকার বাধ্য হয়ে ছাত্রীটি বাড়ির সামনের রাস্তায় বেরতেই তাকে জোর করে বাইকে তুলে জঙ্গলে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই ছাত্রী ঘটনার কথা সবাইকে জানিয়ে দেবে বলায় তার মুখে বিষ ঢেলে দেয়। এদিকে, দীর্ঘক্ষণ মেয়ে বাড়িতে না ফেরায় পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করেন। সেইসময় বাড়ি থেকে কিছুটা দূরে বাইকের পিছনে বসা ওই কিশোরীর চিৎকার শুনতে পেয়ে গ্রামের লোকজন আটকায়। ছাত্রীটি জানায়, তাকে বিষ খাওয়ানো হয়েছে। তখনই ওই ছাত্রীকে জয়পুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তকে আটকে রেখে পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে।



