সেভিয়ে: স্প্যানিশ সুপার কাপে হার, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, লা লিগা জেতার সম্ভবনাও ক্ষীণ— ক্লাব ইতিহাসে রিয়াল মাদ্রিদের এমন দুর্দিন শেষ কবে এসেছিল দূরবীন নিয়ে খুঁজতে হবে। সঙ্গত কারণেই চাকরি খোয়ানোর আশঙ্কায় কোচ কার্লো আনসেলোত্তি। এমন পরিস্থিতিতে শনিবার কোপা ডেল রে’র ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে হারলে কোচের উপর চাপ আরও বাড়বে।
কোপা ডেল রে’র ইতিহাসে সফলতম দল বার্সেলোনা। মোট ৩১ বার খেতাব ঘরে তুলেছে কাতালন ক্লাবটি। আর রিয়াল জিতেছে ২১বার। তাছাড়া চলতি মরশুমে আগের দু’টি এল ক্লাসিকোতেই জয়ী বার্সা। সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৫-২ দুরমুশের পাশাপাশি লা লিগার প্রথম পর্বেও ৪-০ জিতেছিল কাতালন ক্লাবটি। এখন কোপা ডেল রে’র ফাইনালে ভিনিসিয়াস জুনিয়ররা পালের হাওয়া উল্টোদিকে ঘোরাতে পারেন কিনা, সেটাই দেখার। তবে এই মেগা ম্যাচের আগে চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের হতাশা কাটিয়ে লিগের শেষ দু’টি ম্যাচে জয় পেয়েছে আনসেলোত্তির দল। সেই আত্মবিশ্বাস নিশ্চিতভাবে কাজে আসবে কোপা ডে লে’র ফাইনালে। পক্ষান্তরে, চলতি মরশুমে স্বপ্নের ছন্দে রয়েছে হান্স ফ্লিকের প্রশিক্ষণাধীন বার্সেলোনা। সুপার কাপের খেতাব আগেই ঘরে তুলেছে তারা। লা লিগায় শীর্ষস্থানে থাকার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেরও টিকিট অর্জন করেছেন রাফিনহারা। সেই ছন্দ বজায় রেখে মরশুমের দ্বিতীয় ট্রফি জেতাই লক্ষ্য বার্সার। তবে চোটের কারণে মেগা ম্যাচে তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানডস্কিকে পাচ্ছে না বার্সা। তাঁর অভাব ঢাকাই বড় চ্যালেঞ্জ। চোট সারিয়ে অবশ্য দলে ফিরছেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন।
খেলা শুরু রাত ১-৩০ মিনিটে।