সংবাদদাতা বেলদা: মঙ্গলবার দুপুরে খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কে ইসকন মন্দির সংলগ্ন এলাকায় দু’টি লরির ধাক্কায় মৃত্যু হল এক লরি চালকের। মৃতের নাম শেখ জামির(৩৩)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জাতীয় সড়কের খড়্গপুরগামী লেনে দ্রুত গতিতে থাকা একটি ডিম বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ধান বোঝাই লরির পিছনে ধাক্কা মারে। আঘাতের তীব্রতায় ডিম বোঝাই লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। লরির ভিতরেই আটকে পড়ে মৃত্যু হয় চালকের। পরে দুর্ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিসের উদ্ধারকারী দল এসে ক্রেন দিয়ে গাড়ি থেকে চালকের মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে বেলদা থানার পুলিস। ধান বোঝাই লরির চালককে আটক করেছে পুলিস। দুর্ঘটনাগ্রস্ত লরি।-নিজস্ব চিত্র



