Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফিরে দেখা ২০২৫ রাজ্য

ফিরে দেখা ২০২৫ রাজ্য
  • ৩০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

 ২ জানুয়ারি
নিজের ওয়ার্ডেই দুষ্কৃতীদের গুলিতে খুন ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার (বাবলা)

Advertisement

 ১১ জানুয়ারি
মেদিনীপুর মেডিকেল কলেজে একের পর এক প্রসূতির মৃত্যুতে রাজ্যজুড়ে হইচই। অসুস্থ প্রসূতিদের আনা হল কলকাতায়।


 ১৪ জানুয়ারি
কলকাতার বাঘাযতীন এলাকার বিদ্যাসাগর কলোনিতে পাশের বাড়ির গায়ে হেলে পড়ল বহুতল, পরে ভেঙেও পড়ে। বেআইনি নির্মাণের অভিযোগে এফআইআর।

 ১৫ জানুয়ারি
রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
 

 ১৮ জানুয়ারি
আর জি কর ধর্ষণ-খুন মামলায় দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। দু’দিন পর যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা

 ৬ ফেব্রুয়ারি
দেউচা-পাচামির কোল ব্লকের চাঁদা মৌজায় খনন কাজের আনুষ্ঠানিক সূচনা। কয়লা নয়, প্রথমে উত্তোলন করা হবে ব্যাসল্ট

 ১২ ফেব্রুয়ারি
বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্য সরকারের


 ১৯ ফেব্রুয়ারি
দেনার চাপে বাড়িতে দুই বউ ও নাবালিকা মেয়েকে খুন করে রুবি মোড়ে দুর্ঘটনা ট্যাংরার দে পরিবারের দুই ভাইয়ের। আহত সঙ্গে থাকা নাবালক ছেলেও। খুনের অভিযোগে গ্রেফতার প্রণয় দে, প্রসূন দে


 ২৫ ফেব্রুয়ারি
সোনা ও সম্পত্তির লোভে পিসি শাশুড়িকে খুন। ট্রলি ব্যাগে মৃতদেহ ভরে গঙ্গায় ফেলতে গিয়ে কুমোরটুলিতে পাকড়াও মধ্যমগ্রামের বাসিন্দা মা-মেয়ে

 ৩ এপ্রিল
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট। অযোগ্য চিহ্নিত প্রার্থীদের বেতনও সুদ সহ ফেরানোর নির্দেশ। যদিও বছর শেষে নতুন নিয়োগের সময় বেড়েছে আরও ছ’মাস। ততদিন ‘যোগ্য’ শিক্ষকরা ক্লাস করিয়ে বেতন পাবেন

 ৬ এপ্রিল
সিপিএমের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এম এ বেবি। কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায় 

 ২২ এপ্রিল
বাগুইআটিতে নালায় পরিত্যক্ত ট্রলিব্যাগ থেকে উদ্ধার যুবতীর দেহ। তদন্তে জানা যায়, ১০ লাখ টাকার গয়না হাতাতেই ফেসবুক বন্ধু কৌশিক প্রামাণিক খুন করেছে মুর্শিদাবাদের বিবাহিতা তরুণী রিয়া ধরকে

 ২৪ এপ্রিল
পহেলগাঁও হামলার ৪৮ ঘণ্টার মধ্যে পাঞ্জাব সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ান, হুগলি জেলার রিষড়ার বাসিন্দা পূর্ণমকুমার সাউকে অপহরণ পাকিস্তান সেনার। দীর্ঘ টানাপোড়েনের পর ৪ মে তিনি দেশে ফেরেন।

 ২৬ এপ্রিল
মহিলাঘটিত অভিযোগে সিপিএম থেকে বহিষ্কৃত আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী।

 ১২ এপ্রিল
ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ ও হিংসায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাড়ি থেকে টেনে এনে কুপিয়ে খুন বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে। বছর শেষে সেই মামলায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

 ২৯ এপ্রিল
বড়বাজারে মেছুয়া ফলপট্টির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু ১৪ জনের।

 ২৩ জুন 
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূলপ্রার্থী আলিফা আহমেদ

 ২৫ জুন
কসবার ল’কলেজে গণধর্ষণের শিকার ছাত্রী, ধৃত কলেজের ছাত্র নেতা তথা কর্মী মনোজিৎ মিশ্র

 জুন/জুলাই
স্বরাষ্ট্র মন্ত্রকের একটি নির্দেশিকার জেরে ডাবল ইঞ্জিন রাজ্যে বঙ্গভাষী এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের একাধিক ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে। প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 ৩ জুলাই
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত শমীক ভট্টাচার্য।

 ১১ জুলাই 
আইআইএম, জোকার হস্টেলে আসা মেন্টাল হেল্থ কাউন্সিলরকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়া


 ২৮ জুলাই
পিলারে ভয়াবহ ফাটলের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কবি সুভাষ মেট্রো স্টেশন। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত


 ১১ আগস্ট
পূর্ব ভারতে প্রথম শিয়ালদহ-রানাঘাট রুটে যাত্রী পরিষেবা চালু এসি লোকাল ট্রেনে

 ১৩ আগস্ট
সল্টলেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, রেলিংয়ে গেঁথে আগুনে ঝলসে মৃত্যু ডেলিভারি বয়ের। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ স্থানীয়দের


 ২১ আগস্ট
মেট্রোর নোয়াপাড়া-বিমানবন্দর, হেমন্ত মুখোপাধ্যায়-বেলেঘাটা, এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

 ৩ সেপ্টেম্বর
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিংসখ্যান পেশ। টানা চতুর্থবার দেশের নিরাপদতম শহর কলকাতা।

 ১৩ সেপ্টেম্বর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে রহস্যমৃত্যু ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের


 ১৬ সেপ্টেম্বর 
মধ্যবিত্তদের জন্য পিজি হাসপাতালের মধ্যেই প্রাইভেট কেবিনবিশিষ্ট উডবার্ন ২ ‘অনন্য’ বাড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 ৭ ও ১৪ সেপ্টেম্বর
চাকরিহারা সহ নতুন প্রার্থীদের নিয়ে আয়োজিত হল নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা

 ২৩ সেপ্টেম্বর 
প্রবল বৃষ্টিতে শহরের বিস্তীর্ণ এলাকায় জল দাঁড়িয়ে যায়। তড়িতাহত হয়ে মারা যান ৯ জন। ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।


 ৪-৫ অক্টোবর
নাগাড়ে বৃষ্টি, ধস, নদীতে জলোচ্ছ্বাসে তছনছ দার্জিলিংয়ের একাংশ। মৃত্যু হয় ৩০ জনের। সেতু, রাস্তা, বাড়ি ক্ষতিগ্রস্ত। জলপাইগুড়ির নাগরাকাটায় সেতু ভেঙে মৃত্যু ১১ জনের।

 ১০ অক্টোবর
দুর্গাপুরে রাতের বেলা সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে ঘোরার সময় ডাক্তারি পড়ুয়াকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র রাজনৈতিক উত্তেজনা


 ১২ অক্টোবর
বর্ধমান স্টেশনে ট্রেন ধরার জন্য ওভারব্রিজে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত ১। আহত আট।

 ২০ অক্টোবর
কালীপুজোয় বাজি ফাটানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়ালেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। পরে বদলি করা হয় এসপিকে।

 ২৩ অক্টোবর
পিজি হাসপাতালের ট্রমা সেন্টারের শৌচাগারে নাবালিকা রোগিণীকে ধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল।

 ২৭ অক্টোবর
একদিনে ৬৭ আইএএস এবং ৪৬০ ডব্লুবিসিএস সহ ৫২৭ আধিকারিকের বদলি।

 ২৮ অক্টোবর
স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে সল্টলেক থেকে অপহরণ, নিউটাউনে খুন। বছর শেষে প্রধান অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নামে গ্রেফতারি পরোয়ানা

 ২৮ অক্টোবর
এসআইআর আতঙ্কে রাজ্যে প্রথম আত্মঘাতী আগরপাড়ার প্রদীপ কর। সমবেদনা জানাতে বাড়ি গেলেন অভিষেক। ক্রমে বাড়ে সেই মৃত্যুর সংখ্যা। তালিকায় রয়েছেন একাধিক বিএলও।

 ২৯ অক্টোবর
দীর্ঘ আইনি জটিলতা ও রাজনৈতিক টানাপোড়েনের পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কলকাতা, যাদবপুর সহ ছ’টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হল।

 ৪ নভেম্বর
রাজ্যে এসআইআরের কাজ শুরু।

 ১১ নভেম্বর 
প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চালু হল ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্র। সরকারি নাম ‘স্বাস্থ্যবন্ধু’।

 ১০ নভেম্বর
নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন, জেল মুক্তির নির্দেশ আলিপুরের সিবিআই বিশেষ আদালতের।

 ১৯ নভেম্বর 
দীর্ঘ চার বছর বাদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৩ হাজার ৪২১টি শূন্যপদ।
 
 ২৯ নভেম্বর
কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হল সিপিএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’। কর্মসূচি যাত্রা শেষ হয় ১৯ ডিসেম্বর কামারহাটিতে।

 ২ ডিসেম্বর
নবান্নে ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 ৫ ডিসেম্বর
শীর্ষ আদালতের নির্দেশে মালদহের মহদিপুর স্থলবন্দর দিয়ে ভারতে ফিরিয়ে আনা হল বাংলাদেশে পুশব্যাক করা সোনালি বিবিকে।

 ১৩ ডিসেম্বর
যুবভারতী ক্রীড়াঙ্গনে লায়োনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ। ডিজি রাজীব কুমার, ক্রীড়া সচিব রাজেশ সিনহা এবং সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ।

 ১৯ ডিসেম্বর
মহিলা কর্মীর অভিযোগে সিপিএম থেকে বহিষ্কার করা হল রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষকে।

 ২৪ ডিসেম্বর 
বাংলাদেশি সন্দেহে সূতির জুয়েল রানাকে ওড়িশার সম্বলপুরে পিটিয়ে খুন। তারপরও ওড়িশায় এরকম একাধিক ঘটনা ঘটে। অসমের শিলচরেও মারধর করা হয় মুর্শিদাবাদের এক শ্রমিককে।

 ২৯ ডিসেম্বর 
নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ