শান্তনু দত্ত: স্মার্টফোন এখন জীবনের অপরিহার্য অংশ। অথচ এত দাম দিয়ে ফোন কিনে আমরা বেমালুম ভুলে যাই, ডিভাইসেরও যত্ন প্রয়োজন। ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকলে, ফোনের আয়ুও বাড়ে। এ কথা ধ্রুব সত্য। কীভাবে সুস্থ রাখবেন ফোনের ব্যাটারি?
শান্তনু দত্ত: স্মার্টফোন এখন জীবনের অপরিহার্য অংশ। অথচ এত দাম দিয়ে ফোন কিনে আমরা বেমালুম ভুলে যাই, ডিভাইসেরও যত্ন প্রয়োজন। ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকলে, ফোনের আয়ুও বাড়ে। এ কথা ধ্রুব সত্য। কীভাবে সুস্থ রাখবেন ফোনের ব্যাটারি?
১) মেনে চলুন ২০-৮০ নিয়ম। ফোন চার্জ করার সঠিক নিয়ম এটি। অনেকেই অভ্যাসবশত ফোনের চার্জ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত চার্জার কানেক্ট করেন না। অন্যদিকে, ১০০ শতাংশ চার্জ হওয়ার পরেও ফোনটি চার্জে লাগিয়ে রাখেন। এই দুটিই অত্যন্ত খারাপ অভ্যাস। এর ফলে ব্যাটারির আয়ু কমে। এখানেই ২০-৮০ নিয়ম প্রযোজ্য। ব্যাটারি ২০% থেকে ৮০% এর মধ্যে রাখলে সবচেয়ে ভালো থাকে। অর্থাৎ ফোনের চার্জ যখন ২০ শতাংশ রয়েছে, তখনই চার্জে বসান। অন্যদিকে, পুরো ১০০% চার্জ করার থেকে ভালো ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দিন। এতে ব্যাটারি অত্যধিক গরম হয় না। সারারাত ফোন চার্জে বসিয়ে রাখাও খারাপ। পাশাপশি ফোন চার্জে বসিয়ে ব্যবহার করাও উচিত নয়।
২) গরম হলে ব্যাটারি দ্রুত ক্ষয় হয়। এর জন্য অতিরিক্ত তাপ থেকে ব্যাটারিকে রক্ষা করা প্রয়োজন। মাথায় রাখবেন, রোদের মধ্যে ফোন ব্যবহার করা ঠিক নয়। ভিডিও গেম খেলার সময় ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কিছুক্ষণ ব্যবহার বন্ধ রাখা ভালো। কভারও মাঝে মাঝে খুলে রেখে ফোন ঠান্ডা হতে দেওয়া দরকার।
৩) ফোনের আসল চার্জার ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। নকল বা কম পাওয়ারের চার্জার ব্যাটারির ভিতরের সার্কিট নষ্ট করে দিতে পারে। ফলে ব্যাটারি ফুলে যায় বা দ্রুত ক্ষয় হতে থাকে। তাই সবসময় কোম্পানির অনুমোদিত বা ভালো মানের চার্জার ব্যবহার করা উচিত। অন্যের চার্জারে চার্জ না দেওয়াই বাঞ্ছনীয়।
৪) অপ্রয়োজনীয় অ্যাপ ও ফিচার বন্ধ রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চললে তা চাপ ফেলে ব্যাটারির উপর। তাই কোনও অ্যাপ ব্যবহারের পর তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন। এছাড়া ব্লুটুথ, ওয়াই-ফাই বা জিপিএস অপ্রয়োজনে চালু থাকলে ব্যাটারি দ্রুত শেষ হয়। স্ক্রিনের উজ্জ্বলতা বা ব্রাইটনেস মাঝারি রাখার চেষ্টা করুন।
৫) অনেক ফোনে এখন ব্যাটারি সেভার মোড বা অপটিমাইজেশন ফিচার থাকে। এগুলি চালু থাকলে ফোন নিজেই অপ্রয়োজনীয় কাজ বন্ধ করে ব্যাটারির আয়ু বাড়ায়।
৬) অনেক সময় পুরোনো ভার্সনের ত্রুটির কারণে ব্যাটারি দ্রুত শেষ হয়। তাই নিয়মিত সফটওয়্যার আপডেট করলে ফোন আরও দ্রুত কাজ করে, ব্যাটারিও ভালো থাকে।
৭) দীর্ঘক্ষণ ইন্টারনেট ব্যবহার করলে, গেম খেললে ব্যাটারির উপর প্রভাব পড়ে। ব্যাটারি ভালো রাখতে ফোনকেও বিশ্রাম দিন।