Bartaman Logo
২ জুন, ২০২৬

৪ ঘণ্টা নয়, এবার একদিন আগেই দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন চার্ট

ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্মড হয়নি। অথচ ট্রেন ছাড়তে মোটে ৪ ঘণ্টা বাকি। এই পরিস্থিতিতে হা-হুতাশ করা ছাড়া করণীয় কিছুই থাকে না যাত্রীদের।

৪ ঘণ্টা নয়, এবার একদিন আগেই দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন চার্ট
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্মড হয়নি। অথচ ট্রেন ছাড়তে মোটে ৪ ঘণ্টা বাকি। এই পরিস্থিতিতে হা-হুতাশ করা ছাড়া করণীয় কিছুই থাকে না যাত্রীদের। কারণ, বিকল্প ব্যবস্থা ঠিক করার জন্য তখন আর পর্যাপ্ত সময় মেলে না। যাত্রীদের এই সমস্যা মেটাতে এগিয়ে এল রেলমন্ত্রক। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চার ঘণ্টা নয়, এবার ২৪ ঘণ্টা আগেই দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন চার্ট তৈরি করা হবে। অর্থাৎ, যাত্রা শুরুর একদিন আগে ওয়েট-লিস্টে থাকা যাত্রীরা জানতে পারবেন, তাঁর টিকিট কনফার্মড হয়েছে কি না। শেষ মুহূর্তে হুড়োহুড়ি করার প্রয়োজন হবে না। ইতিমধ্যে রাজস্থানের বিকানির রেলওয়ে শাখায় ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে এহেন ব্যবস্থা চালু করা হয়েছে। আপাতত শুধুমাত্র ওই ডিভিশনের রেল যাত্রীরা জার্নির ২৪ ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট জানতে পারবেন। 

Advertisement

যে কোনও নয়া ব্যবস্থা চালুর আগে পাইলট প্রজেক্ট হিসেবে তা দেখে নেওয়াই দস্তুর রেলে। যাতে কোনও গোলযোগ হলে সামাল দেওয়া যায়। সেইমতো যাত্রী স্বার্থে এই ব্যবস্থা দেশজুড়ে চালুর আগে সফ্টওয়্যার সংক্রান্ত সব ‘ট্রায়াল রান’ দেখে নিতে চেয়েছিলেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল সূত্রে খবর, গত সপ্তাহ থেকেই বিকানির রেলওয়ে শাখায় এই বন্দোবস্ত চালু হয়েছে। এবং এখনও পর্যন্ত, কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি তাদের। রেল সূত্রে খবর, ‘পাইলট প্রজেক্ট’ সম্পূর্ণ সফল হয়ে যাত্রীদের মধ্যে সাড়া ফেললে, তা সার্বিকভাবে চালু করে দেওয়া হবে।
এই মুহূর্তে ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে যাত্রী সংরক্ষণের প্রথম তালিকা প্রকাশ করা হয়। যেসব রেল যাত্রী ওয়েট-লিস্টে থাকেন, তাঁদের অধিকাংশই অনলাইনে ঘনঘন ‘পিএনআর স্টেটাস’ চেক করতে থাকেন। যে মুহূর্তে তালিকা প্রকাশিত হয়, ‘পিএনআর স্টেটাস’-এ ‘চার্ট প্রিপেয়ার্ড’ সংক্রান্ত বার্তা ফুটে ওঠে। আর সেই শেষ মুহূর্তে সংশ্লিষ্ট যাত্রী জানতে পারেন, তিনি আদৌ সংরক্ষিত টিকিট হাতে ট্রেনে উঠতে পারবেন কি না। অর্থাৎ, ট্রেন ছাড়ার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চরম টানাপোড়েনের মধ্যে থাকেন সংশ্লিষ্ট রেল যাত্রীরা। মন্ত্রক সূত্রের ব্যাখ্যা, জার্নির একদিন আগে সংরক্ষিত রেল যাত্রীদের তালিকা প্রকাশিত হলে এই মানসিক অস্থিরতা একেবারেই কমে যাবে। তাই নয়া এই ব্যবস্থা যাত্রীদের কাছে আকর্ষণীয় হবে বলেই মত রেল বিশেষজ্ঞ মহলের। যদিও ২৪ ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি হলেও বর্তমানের নিয়মমতো ‘সেকেন্ড লিস্ট’ ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগেই মিলবে নাকি তাও আগে জানতে পারা যাবে, এই ব্যাপারে কিছু জানানো হয়নি রেলের তরফে।

সম্পর্কিত সংবাদ