বিহারে মাঝগঙ্গায়  নৌকাডুবি, মৃত্যু ১৩ শিশু-নাবালকের
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: বিহারের বৈশালি জেলার রাঘোপুরে মাঝগঙ্গায় নৌকাডুবি। মঙ্গলবার রাতের মর্মান্তিক ঘটনায় অন্তত ১৩ জন শিশু-নাবালকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও সাত। পুলিশ সূত্রে খবর, নৌকাটিতে ২০ জন যাত্রী ছিলেন।  তাঁরা একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন। বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানিয়েছেন, রাত সাড়ে আটটা নাগাদ রাঘোপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। হতাহতদের মধ্যে সিংহভাগই রামপুর শ্যামচাঁদের গ্রামের বাসিন্দা। নৌকায় ২০ জন মতো যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে সিংহভাগই শিশু-কিশোর। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩টি দেহ উদ্ধার হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ১৫ বছরের নীচে।  মঙ্গলবার রাত পর্যন্ত তিন-চার জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ চলছে। তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা। আপাতত সাত শিশুকে উদ্ধার করা গিয়েছে। তাদের পাটনার এমএমসিএই হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। জখমদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।  ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকারও। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদবও।  ছবি: পিটিআই

Advertisement