নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নতুন বছরের প্রথম দিনেই হাওড়ার ব্যাঁটরায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃত্যু হল এক বৃদ্ধার। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা নাগাদ ব্যাঁটরার নটবর পাল রোডের রথতলা এলাকার একটি একতলা টালির চালের বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃতার নাম আভারানি পাল (৭২)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরের দিকে সরু গলির ভিতরে থাকা ওই বাড়ি থেকে আচমকা ধোঁয়া বেরতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভিতরে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘরের দরজা খোলা ছিল। কিন্তু ভিতরে ঢুকতেই দেখা যায়, এক কোণে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধা। প্রতিবেশী নিতাই সাউ বলেন, প্রথমে স্থানীয় বাসিন্দারাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলে খবর দেওয়া হয়। তবে গলি অত্যন্ত সরু হওয়ায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। লম্বা পাইপ ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দারা বালতিতে করে জল দিয়ে আগুন আয়ত্তে আনেন। গুরুতর জখম অবস্থায় আভারানিদেবীকে দমকল কর্মীরাই হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ঘরে একাই ছিলেন ওই বৃদ্ধা। অসুস্থতার কারণে তিনি হাঁটাচলা করতে পারতেন না। তাঁর ছেলে অভিজিৎ পাল এদিন সকালে কাজে বেরিয়ে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘরে জ্বালানো কোনও প্রদীপ বা ধূপ থেকেই আগুনের সূত্রপাত। অসুস্থ ও একাকী থাকার কারণে তিনি আগুনের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেননি। তাছাড়া তিনি সাহায্যের জন্য চিৎকার করতেও অক্ষম ছিলেন। অগ্নিকাণ্ডে ওই দু’কামরার টালির চালের বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ব্যাঁটরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিজস্ব চিত্র