বেঙ্গালুরু: লোকেশ রাহুলের দুরন্ত ফর্ম অব্যাহত। তাঁর দায়িত্বশীল ব্যাটে ভর করেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬ উইকেটে জিতল দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য ১৬৪ রান তাড়া করতে নেমে একটা সময় রীতিমতো ধুঁকছিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। ৫৮ রানেই পড়ে গিয়েছিল ৪ উইকেট। সেখান থেকে ট্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন রাহুল। ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। মারেন সাতটি বাউন্ডারি ও ছ’টি ওভার বাউন্ডারি। যোগ্য সঙ্গ দেন স্টাবসও। প্রোটিয়া ব্যাটারের সংগ্রহ ২৩ বলে ৩৮। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে তাঁরা তোলেন ১১১ রান। শেষ পর্যন্ত ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি (১৬৯-৪)।
বৃহস্পতিবার চিন্নাস্বামীতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭ উইকেটে তোলে ১৬৩। শুরুটা দুর্দান্ত করেও বড় স্কোর তুলতে ব্যর্থ বিরাটরা। লোয়ার অর্ডারে টিম ডেভিড ঝোড়ো ৩৭ না করলে আরসিবি’র ইনিংস দেড়শোর গণ্ডি পেরত না। তবে শুরুতে ঝড় তুলেছিলেন ওপেনার ফিল সল্ট। কিন্তু বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তিনি (১৭ বলে ৩৭)। সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সল্ট আউট হতেই ছন্দপতন ঘটে আরসিবি’র। এরপর বিরাট কোহলিও ব্যক্তিগত ২২ রানে ডাগ-আউটে ফেরেন। দেবদূত পাদিক্কাল (১), রজত পাতিদারও (২৫) হতাশ করেন। তবে শেষদিকে টিম ডেভিডের মরিয়া চেষ্টায় স্কোর কিছুটা ভদ্রস্থ হয় বেঙ্গালুরুর। ২০ বলে তিনি করেন ৩৭। দিল্লির হয়ে কুলদীপ যাদব ও ভিপরাজ নিগম দু’টি করে উইকেট নিয়েছেন।
জবাবে দিল্লি ক্যাপিটালসের শুরুটা একদম ভালো হয়নি। টপ অর্ডারে চূড়ান্ত ব্যর্থ ফাফ ডু’প্লেসি (২), জেক ফ্রেজার (৭) ও অভিষেক পোড়েল (৭)। ক্যাপ্টেন অক্ষর প্যাটেল ১৫ রান করে আউট হতে আরও চাপে পড়ে যায় দল। তবে রাহুল ও স্টাবসের দুরন্ত জুটি দিল্লির জয় নিশ্চিত করে।