নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ঘরের মাঠে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে নামবে মোহন বাগান। তার আগে আপুইয়াকে নিয়ে চিন্তায় টিম-ম্যানেজমেন্ট। জ্বরের কারণে গত দু’দিন মাঠেই আসেননি মিজো মিডিও। চেন্নাইয়ানের বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে তো? উদ্বেগে কোচ পানোস। থিঙ্কট্যাঙ্ক অবশ্য আশাবাদী যে, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন আপুইয়া। পাশাপাশি জেমি ম্যাকলারেনও কুঁচকির চোটে কাবু। তাঁকে ফিট করে তোলার চেষ্টা চলছে জোর কদমে। এদিন শুরুতে দলের সঙ্গে গা ঘামালেও পরে ফিজিওকে নিয়ে রিহ্যাব সারলেন তিনি। হাতে রয়েছে আরও দু’দিন। পরিস্থিতি বুঝে চেন্নাইয়ানের বিরুদ্ধে রিজার্ভে রাখা হতে পারে তাঁকে।
কোচ পানোসের মাথাব্যথার বড়ো কারণ অবশ্য রক্ষণ। শুভাশিস সেরা সময় বহু আগেই পেরিয়ে এসেছেন। তাঁর জায়গায় অভিষেক টেকচামকে বেশ চনমনে দেখালেও গলদ রয়েছে সেন্ট্রাল ডিফেন্সে। রাহুল ভেকে আগের চেয়ে শ্লথ। তাঁর সঙ্গে আলবার্তোর বোঝাপড়াতেও খামতি রয়েছে। আর রাইট উইং ব্যাকে মেহতাবের বিকল্প নেই। আশিস রাইকে চটজলদি পাওয়ার সম্ভাবনা কম। এমন পরিস্থিতিতেও ঘরের মাঠে তিন পয়েন্ট পেতে আক্রমণাত্মক ফুটবলই হাতিয়ার পানোসের। তাতে বড়ো ভরসা মিগুয়েল। গত ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জয়ে অবদান রেখেছিলেন। এবার চেন্নাইয়ানের বিরুদ্ধেও ধারাবাহিকতা বজায় রাখতে প্রত্যয়ী তিনি। তবে বাড়তি দায়িত্ব নিতে হবে লি আরউইনকে। ম্যাকলারেনের বিকল্প হতে গেলে সুযোগের সদ্ব্যবহার করতে হবে তাঁকে।



