আইএসএলে প্রথম ২ ম্যাচে ৯ গোল হাবাস ব্রিগেডের
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইন্টার কাশী-১             :              ইস্ট বেঙ্গল-৫

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের শুরুতেই ঝলমলে ইস্ট বেঙ্গল। চার্চিল ব্রাদার্সকে চার গোলের মালা পরিয়ে অভিযান শুরু করেছিলেন রশিদরা। শুক্রবার ফাইভ স্টার পারফরম্যান্সে আরও ধারাল হাবাস ব্রিগেড। সহজ জয়ে জোড়া লক্ষ্যভেদ একে লোবার। স্কোরশিটে নাম তুললেন রামিরেজ, বিষ্ণু ও লুকাস। প্রথম দু’ম্যাচে ৯ গোল! উৎসবের মরশুমে লাল-হলুদের মশালে গনগনে আঁচ।
বিদেশিহীন ইন্টার কাশীকে বাগে আনতে শুরুতেই গোল চেয়েছিলেন কোচ হাবাস। পাশাপাশি ফুটবলারদের তরতাজা রাখতে প্রথম দলে কিছু বদলের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। পুনের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সে সেই লক্ষ্যে পুরোপুরি সফল লাল-হলুদের স্প্যানিশ কোচ। ম্যাচের ৮ মিনিটে থার্ডম্যান মুভমেন্ট থেকে লিড এনে দেন রামিরেজ। এক্ষেত্রে মাঝমাঠে রশিদ ও লোবার সঙ্গে টাচ খেলে উঠে এসেছিলেন স্প্যানিশ মিডিও। বিপক্ষ গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান রামিরেজ (১-০)। আট মিনিট পরেই ২-০ করলেন বিষ্ণু। এক্ষেত্রে গোলের আসল কারিগর আইভরি কোস্টের লোবা। চমৎকার বল সাজিয়ে দিয়েছিলেন বিষ্ণুকে। কেরালাইট ফুটবলারের জোরালো শট হাতের তলা দিয়ে গোল খান আলবিনো। ওখানেই ম্যাচ পকেটে পুরে ফেলে হাবাস ব্রিগেড। যদিও এরপর লালচুনুঙ্গার ভুলে বল পেয়েছিলেন গাব্রিয়েল। তাঁর শট গিলকে পরাস্ত করেও পোস্টে প্রতিহত হয়। ২১ মিনিটে রামিরেজকে বিপক্ষ বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ইস্ট বেঙ্গল। স্পটকিক কাজে লাগাতে কোনো ভুল করেননি লোবা (৩-১)। এরপর খেলার গতির বিরুদ্ধে গোল পায় ইন্টার কাশী। লালচুংনুঙ্গার আত্মঘাতী গোল বুঝিয়ে দিল হাবাসের রক্ষণ এখনও নিশ্ছিদ্র নয়। বিশেষ করে উইং থেকে ভেসে আসা বলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। যাই হোক, প্রথমার্ধের বাকিটা স্রেফ পজেশনাল ফুটবল খেললেন রশিদরা। ৩৫ মিনিটে বিপিনের সেন্টারে চকিতে মাথা ছুঁইয়ে জাল কাঁপালেন সেই লোবা (৪-১)। দ্রোগবার দেশের ফুটবলার আগের চেয়ে অনেক চনমনে। তাঁকে সামলাতে হিমশিম খেল কাশী। বিরতির আগে রামিরেজের বাঁ পায়ের শট ক্রসপিসে প্রতিহত না হলে ব্যবধান বাড়তেই পারত।
দ্বিতীয়ার্ধেও রামিরেজদের দাপট অব্যাহত। একে একে ইকোনমিডিস, লুকাসদের নামিয়ে পরখ করে নিলেন হাবাস। ৮১ মিনিটে ইকোনমিডিসের মাইনাসে পা ছুঁইয়ে লক্ষ্যভেদ লুকাসের (৫-১)।  আইএসএলের প্রথম দুই ম্যাচে ৬ পয়েন্ট ইস্ট বেঙ্গলের। এসিএল টু’য়ের ম্যাচ খেলতে শনিবার ওমান উড়ে যাচ্ছেন রশিদরা। আগামী মঙ্গলবার আল সিবের মুখোমুখি হবেন তাঁরা। পরের রাউন্ডে পৌঁছাতে গেলে জিততেই হবে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কাশীকে বড়ো ব্যবধানে বশ মানিয়ে রশিদরা আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন অনেকটাই। এদিকে, ম্যাচের পর ইন্টার কাশীর বিরুদ্ধে বিরক্তি উগরে দেন আন্তোনিও হাবাস। গত মরশুমে ইন্টার কাশীর কোচ ছিলেন তিনি। বেতন না পেয়ে তিতিবিরক্ত হয়ে দায়িত্ব ছাড়েন। এদিন তাঁর মন্তব্য, ‘ফুটবলার, কোচেদের বেতন বকেয়া ছিল। তা সত্ত্বেও কাশীকে আইএসএলে দেখে আমি অবাক।’
ইস্ট বেঙ্গল: গিল, হার্দিক, লালচুংনুঙ্গা, আনোয়ার, জয় (সন্দীপ), রোহিত, রশিদ (জিকসন), রামিরেজ (ডেভিড), বিপিন (ইকোনমিডিস), বিষ্ণু ও লোবা (লুকাস)।