নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ দ্বিতীয় টি-২০, চোট ঈশানের, ওপেন করতে পারেন সূর্যবংশী
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ক্রাইস্টচার্চ: ভারতীয় ক্রিকেট দলে অঘোষিত একটা নীতি বহুদিন ধরেই চলছে। খারাপ ফর্মে থাকা ক্রিকেটারকে বাদ দেওয়ার জন্য চোটের দোহাই দেওয়া হয়ে থাকে। ঈশান কিষানের ক্ষেত্রেও কি ব্যাপারটা সেরকম? বাঁ হাতি ব্যাটারের কুঁচকিতে চোট লেগেছে। ফলে শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে তিনি খেলতে পারবেন না। ‘কভার’ হিসাবে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন কুমার কুশাগ্র। প্রত্যাশা মতোই পরিবর্ত হিসাবে একটাই নাম সামনে আসছে— বৈভব সূর্যবংশী। দুরন্ত ফর্মে থাকা সত্ত্বেও তাঁকে ম্যাচের পর ম্যাচ বসতে হচ্ছে রিজার্ভ বেঞ্চে। কোচ গৌতম গম্ভীর সিনিয়রদের উপর অনেক বেশি আস্থা দেখিয়েছেন। কিন্তু ঈশানের চোট বৈভবের কাছে দারুণ একটা সুযোগ এনে দিয়েছে। ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক শুক্রবার সাংবাদিক সম্মেলনে যা বললেন, তাতে বিহারের তরুণ ক্রিকেটার বৈভবের খেলা প্রায় পাকা। প্রশ্ন একটাই, তিনি কোন পজিশনে ব্যাট করবেন? বৈভব মূলত ওপেনার। তাই তাঁকে জায়গা ছেড়ে দেওয়া হতে পারে। সব ঠিক থাকলে তিনিই অভিষেক শর্মার সঙ্গে দ্বিতীয় টি-২০ ম্যাচে ওপেন করবেন। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনকে নামানো হবে তিন নম্বরে। মনে রাখা দরকার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড রান তাড়া করে জেতার অন্যতম কারিগর ছিলেন সঞ্জুই। তাই পরিস্থিতির চাপে তাঁর ব্যাটিং অর্ডার বদল আদৌ সঠিক সিদ্ধান্ত হবে কিনা সময় বলবে।

Advertisement

সঞ্জু তিনে নামলে চারে ব্যাট করবেন শ্রেয়স আয়ার। আর ছন্দ খুঁজে বেড়ানো তিলক ভার্মা পাঁচে নামবেন। ভারতের ব্যাটিং বেশ শক্তিশালী। সেটা গত ম্যাচেই প্রমাণিত। নীতীশ রেড্ডি, অক্ষর প্যাটেলের পাশাপাশি নমন ধীরের মতো নবাগত অলরাউন্ডারও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রুদ্ধশ্বাস জয়ের মধ্যেই কিছু প্রশ্ন থেকে গিয়েছে। বিশেষ করে দ্রুত উইকেট হারানোর রোগ সারিয়ে উঠতে হবে। না হলে বিপদ। নিউজিল্যান্ডের পিচে বাউন্স ও গতি তুলনায় বেশি। সেটা অধিকাংশ ভারতীয় ব্যাটারের কাছে বড়ো চ্যালেঞ্জ। নিউজিল্যান্ড ঘরের মাঠে সিরিজে সমতা ফেরাতে মরিয়া। ২২৫ রান তুলেও তাদের ম্যাচ জিততে না পারার পিছনে রয়েছে বোলিং ব্যর্থতা। তবে গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, ড্যারিল মিচেলের মতো টি-২০ স্পেশালিস্ট ব্যাটাররা ভারতীয় বোলারদের পরীক্ষার মুখে ফেলবেন। দুই অলরাউন্ডার ব্রেসওয়েল, মিচেল স্যান্টনারও কিউয়ি ব্রিগেডের বড়ো ভরসা। অন্যদিকে, প্রথম ম্যাচে ভারতের বোলিং ছিল খুবই সাদামাটা। প্রত্যেকেই দশের ওপর রান দিয়েছিলেন। তাই দ্রুত ভুল শুধরে নিতে হবে ভুবি, অর্শদীপদের।
 ম্যাচ শুরু দুপুর ১২-৩০ মিনিটে। 
সোনি স্পোর্টসে সরাসরি সম্প্রচার।