ইসলামাবাদ: ফের ‘লকডাউন’-এর পথে হাঁটল পাকিস্তান। তবে এবার এর নেপথ্যে করোনা ভাইরাস নয়, রয়েছে পশ্চিম এশিয়ার অশান্তি ও সেই সূত্রে গ্যাস ও জ্বালানি তেলের তীব্র সংকট। জ্বালানি বাঁচাতে অপ্রয়োজনীয় খরচে নিষেধাজ্ঞা চাপানোর কথা ঘোষণা করেছে পাক সরকার। যেমন— সরকারি গাড়ি কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। এছাড়া সরকারি গাড়ির জন্য জ্বালানি বরাদ্দও ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গ্যাসের সংকট মোকাবিলায় বিয়ের অনুষ্ঠানে খাবারের একটিই পদ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। সেই সঙ্গে সরকারি কর্মীদের বিদেশ ভ্রমণের উপর তিন মাসের বিধিনিষেধ আরোপ করেছে শাহবাজ শরিফের সরকার। এর আগে গত মার্চে ইরান-আমেরিকা যুদ্ধ শুরুর পর একই ধাঁচের পদক্ষেপ করেছিল ইসলামাবাদ।



