সংবাদদাতা, বোলপুর: বিজেপি নেতাকে বেঁধে রাখার অভিযোগ উঠল বীরভূমের নানুরের থুপসাড়া অঞ্চলের রামকৃষ্ণপুর গ্রামে। জানা গিয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় ওই গ্রামের বেশ কিছু মহিলা-সহ বাসিন্দাদের একাংশ বিজেপির মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলকে গ্রামের বাতিস্তম্ভে বেঁধে রেখে বিক্ষোভ দেখান। বিক্ষুব্ধরা নিজেদেরও বিজেপি কর্মী-সমর্থক বলে দাবি করেছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়ে আসছেন তাঁরা। পালাবদলের পরও তৃণমূলের নেতা-কর্মীদের নিয়েই চলাফেরা করছেন রামকৃষ্ণ। এমনকি ওই গ্রামের বিজেপি নেতা স্বরূপ গড়াই খুনের ঘটনায় অভিযুক্তের সঙ্গেও তাঁকে সম্প্রতি দেখা গিয়েছে বলেও অভিযোগ। এছাড়াও রামকৃষ্ণের বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ তোলেন তাঁরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজেপি নেতাকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



