ভোপাল: মধ্যপ্রদেশে নিজের নির্বাচনি কেন্দ্র গুনাতেই বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাস্তা তৈরির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মন্ত্রীর কনভয় থামিয়ে সরব হলেন স্থানীয় মানুষ। প্রতিবাদকারীদের মধ্যে এক ব্যক্তি মন্ত্রীর সামনেই সটান জানিয়ে দিলেন, রাস্তা না হলে পরের বার আর ভোট পাবেন না। বিক্ষোভের মুখে পড়ে দৃশ্যতই বিচলিত সিন্ধিয়া মেজাজ হারালেন। আঙুল উঁচিয়ে প্রতিবাদীদের সঙ্গে বিতণ্ডায়ও জড়ালেন। প্রতিবাদীদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বাগযুদ্ধের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিড়ম্বনা এড়াতে অবশ্য ঘটনার আধ ঘণ্টার মধ্যেই রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দের নির্দেশ দিলেন সিন্ধিয়া।



