অশোকনগরে অবৈধ মদের কারবার, হাতেনাতে ধরলেন স্থানীয় পদ্ম-নেত্রী
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগরে বেআইনি মদ বিক্রির অভিযোগ ঘিরে উত্তেজনা। বাড়ি থেকে মদ বিক্রি করা হচ্ছে– এমন অভিযোগে বুধবার রাতে অশোকনগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে লিটন দাস নামে এক ব্যক্তির বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, স্থানীয় বাসিন্দারা। নেতৃত্বে ছিলেন বিজেপির অশোকনগর ৪ নম্বর মণ্ডলের সভাপতি রিঙ্কি সুর। তিনি মদ বিক্রি হাতেনাতে ধরেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অশোকনগরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছে চোলাই মদের কারবার। সেইসঙ্গে গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশার সামগ্রীও বিক্রি হচ্ছে বলে অভিযোগ। দিনের পর দিন এই কারবার চললেও পুলিশের সক্রিয় নজরদারি চোখে পড়ছে না।

Advertisement

এনিয়ে বিজেপি নেত্রী রিঙ্কি সুর বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের লিটনের বাড়ি থেকে মদ বিক্রির কারবার শুরু হয়েছে। লিটনের স্ত্রী দায় এড়ানোর জন্য বলছেন স্বামী কাজ করতে পারেন না। সংসার চালানোর জন্যই তিনি মদ বিক্রি করেন। এক্ষেত্রে রিঙ্কির পাল্টা বক্তব্য, সংসার চালানোর অজুহাতে এলাকার পরিবেশ নষ্ট করার অধিকার কারও নেই। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে বাসিন্দাদের খেদ, অশোকনগরে প্রকাশ্যে মদ, গাঁজা ও অন্যান্য নেশার সামগ্রী বিক্রির অভিযোগ উঠলেও পুলিশের নজরদারি কোথায়?