ঢাকা: ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বারবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে অভিযোগের আঙুল উঠেছে। দেশ ছাড়লেও হাসিনা বাইরে থেকে দেশের পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বলে সরব হয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। এবার আরও কড়া পদক্ষেপ। যদি কোনও সংবাদমাধ্যম হাসিনার বক্তব্য সম্প্রচার করে, তাহলে দ্রুত সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। শুক্রবার এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করল ইউনুস সরকারের প্রেস উইং।
সম্প্রতি শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার করেছিল বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম। সূত্রের খবর, তার পরেই নড়েচড়ে বসে তত্ত্বাবধায়ক সরকার। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, মানবতাবিরোধী কার্যকলাপ ও ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনা। বর্তমানে তিনি দেশ থেকে পলাতক। এমনকী তাঁর দল আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের কোনও সংবাদমাধ্যম যদি হাসিনার বক্তব্য সম্প্রচার করে, তাহলে তা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালও বিদ্বেষমূলক ভাষণ সম্প্রচার নিষিদ্ধ করেছে। গত বছর গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন হাসিনা। তারপর থেকে সমাজমাধ্যমে প্রায়ই অনুগামীদের উদ্দেশে বক্তব্য রেখেছেন তিনি। বারবার ইউনুস সরকারের নীতির কড়া সমালোচনাও করেছেন। সেই সূত্রেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।