হঠাৎ বাড়িতে অতিথি এলে চিকেন দিয়ে স্টার্টার বানিয়ে নিন। অল্প উপকরণে, কম ঝামেলায় বানানোর মতো একটি ভারতীয় এবং একটি চীনে পদের রেসিপি শেখালেন ক্লাব কনক্লেভ-এর রুম টু ওয়ান সিক্স রেস্তরাঁর শেফ অভিজিৎ দে।
হঠাৎ বাড়িতে অতিথি এলে চিকেন দিয়ে স্টার্টার বানিয়ে নিন। অল্প উপকরণে, কম ঝামেলায় বানানোর মতো একটি ভারতীয় এবং একটি চীনে পদের রেসিপি শেখালেন ক্লাব কনক্লেভ-এর রুম টু ওয়ান সিক্স রেস্তরাঁর শেফ অভিজিৎ দে।
মুর্গ টিক্কা অংগারে
উপকরণ: বোনলেস চিকেন ছোটো টুকরো করে কাটা ২০০ গ্রাম, জল ঝরানো টক দই ৫০ গ্রাম, আদা-রশুন বাটা ১০ গ্রাম, রোস্টেড বেসন ২০ গ্রাম, অর্ধেক পাতিলেবুর রস, শুকনো লংকা গুঁড়ো ৫ গ্রাম, হলুদ গুঁড়ো ১/২ চামচ, জিরে গুঁড়ো ১/২ চামচ, ধনে গুঁড়ো ১/২ চামচ, গরমমশলা গুঁড়ো ১ চামচ, সরষের তেল ১০ মিলি, রোস্টেড কসুরি মেথি ১ চা চামচ, নুন স্বাদমতো।
প্রণালী: একটা মিক্সিং বোলে দই, আদা-রশুন বাটা, লেবুর রস, শুকনো লংকার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, কসুরি মেথি, বেসন, পাতিলেবুর রস, গরমমশলা গুঁড়ো, সরষের তেল ও নুন সহযোগে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিন। এই ব্যাটারে চিকেনের টুকরো ম্যারিনেট করে রাখুন সারা রাত। এবার তন্দুর আভেন প্রি-হিট করে নিন। শিক বা বাঁশের স্কিউয়ারে অল্প তেল মাখিয়ে নিন। ম্যারিনেট করা চিকেন তাতে গেঁথে দশ থেকে পনেরো মিনিট তন্দুর করে নিন। মাঝেমধ্যে বাঁশের শিকগুলো নেড়ে দিন। তারপর তা তন্দুর থেকে বের করে উপরে চাট মশলা ছড়িয়ে দিন। পুদিনার চাটনি সহযোগে পরিবেশন করুন।
হংকং চিকেন
উপকরণ: বোনলেস চিকেন লেগ ২০০ গ্রাম, লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাপ (মিলিয়ে) ১০০ গ্রাম, চৌকো করে কাটা পেঁয়াজ ১০০ গ্রাম, আদা-রশুন বাটা ১০ গ্রাম, আদা ও রশুন কুচিয়ে নেওয়া ১ টেবিল চামচ, সাদা তেল ১৫ মিলি, কাঁচা লংকা ৫ গ্রাম, সয়াস্যস ৫ মিলি, হট অ্যান্ড সুইট টম্যাটো স্যস ১০ গ্রাম, ভিনিগার ৫ মিলি, নুন স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো সামান্য, অয়েস্টার স্যস ১০ মিলি।
প্রণালী: বোনলেস চিকেন চৌকো করে কেটে নিন। তারপর তা নুন, মরিচ, আদা-রশুন বাটা দিয়ে মাখিয়ে রাখুন অন্তত আধ ঘণ্টা। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিন। তাতে আদা-রশুন কুচি দিয়ে ভাজুন। তারপর পেঁয়াজ দিয়ে দিন। ভাজতে ভাজতেই চিকেন ও ক্যাপসিকামের টুকরো দিয়ে দিন। নুন ও মরিচ দিয়ে ভাজতে থাকুন। আঁচ কমিয়ে সবরকম স্যস একে একে মিশিয়ে দিন। তারপর ঢিমে আঁচে খানিকক্ষণ চিকেন রান্না করে নিন। মশলা ও স্যস চিকেন এবং বাকি উপকরণের সঙ্গে মিশে গেলে ও চিকেন সেদ্ধ হলে নামিয়ে নিন।