নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে শহরে ফিরেছে মোহন বাগান। সেই সুবাদে পয়েন্ট টেবিলের মগডালে উঠে এসেছে সের্গিও লোবেরা ব্রিগেড। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটির (৯ ম্যাচে ১৮) চেয়ে আপাতত দু’পয়েন্টে এগিয়ে লিস্টনরা। অর্থাৎ, লিগের বাকি ৪টি ম্যাচ জিতলেই প্রথম দল হিসেবে আইএসএল খেতাব জয়ের হ্যাটট্রিক পূর্ণ করবে সবুজ-মেরুন ব্রিগেড। তবে সেই পথটা মোটেই সহজ নয়। কারণ, লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে লোবেরা ব্রিগেডের প্রতিপক্ষ এফসি গোয়া। এছাড়া বাকি তিন প্রতিপক্ষ যথাক্রমে ইন্টার কাশী, ইস্ট বেঙ্গল আর স্পোর্টিং দিল্লি। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে গোয়া। গত ম্যাচে মুম্বইকে হারিয়ে চমক দিয়েছে মানোলো মার্কুয়েজের দল। তাই মোহন বাগানের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে। সবুজ-মেরুন কোচ অবশ্য এখনই চ্যাম্পিয়শিপ নিয়ে মাথা ঘামাতে নারাজ। তাঁর লক্ষ্য, ম্যাচ বাই ম্যাচ এগিয়ে চলা।



