নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোহন বাগানে শুরু লোবেরা-যুগ। বৃহস্পতিবার বিকেলে যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে দল নিয়ে প্রস্তুতিতে নেমে পড়লেন স্প্যানিশ কোচ। আর অনুশীলনের শুরু হোক কিংবা শেষ, প্রত্যেক ক্ষেত্রেই ফুটবলারদের নিয়ে মাঠের মাঝেই বৈঠক সারলেন তিনি। সুবোধ বালকের মতো নয়া কোচের প্রত্যেকটি কথা মন দিনে শুনলেন জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসরা। বাকি সময়টা কোচের কড়া নজরের মধ্যেই প্রস্তুতি সারতে দেখা গেল সবুজ-মেরুন ফুটবলারদের।
ভারতীয় ফুটবলে অন্যতম সফল কোচ সের্গিও লোবেরা। আইএসএল লিগ-শিল্ড, আইএসএল কাপ, সুপার কাপ সবই রয়েছে তাঁর ঝুলিতে। এফসি গোয়া, মুম্বই সিটি, ওড়িশা এফসি হয়ে কলকাতায় কোচিং করাতে এসেছেন এই স্প্যানিয়ার্ড। তাঁর হাত ধরেই আবারও চেনা সরণিতে ফিরতে মরিয়া মোহন বাগান। উল্লেখ্য, প্রাক্তন কোচ হোসে মোলিনার প্রশিক্ষণে মরশুমের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছিল গঙ্গাপাড়ের ক্লাবটি। আইএফএ শিল্ড জিতলেও, ডুরান্ড কাপ ও সুপার কাপে চূড়ান্ত ব্যর্থ তারা। ফুটবলারদের ফিটনেস নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তাই দায়িত্ব নিয়ে সবার আগে এই বিভাগে উন্নতি ঘটানোর লক্ষ্য লোবেরার। প্রথমদিন অনুশীলনেও দেখা মিলল সেই ছবি। ফিটনেস ট্রেনিংয়ের সময় কোচ নিজে গোটা বিষয়টা তদারকি করলেন। জেনে নিলেন, কোন ফুটবলার কী অবস্থায় রয়েছেন।
লোবেরার প্রশিক্ষণে এফসি গোয়ার তিন বছরে খেলেছেন মনবীর সিং। আবারও পুরোনো কোচের সঙ্গে জুটি বাঁধতে পেরে খুশি এই পাঞ্জাব তনয়। তিনি আত্মবিশ্বাসী, লোবেরার হাত ধরে আবারও সেরা ছন্দে ফিরবেন তাঁরা। এদিকে, অসুস্থতার কারণে এদিন মাঠে এসেও ফিরে যান আপুইয়া। পাশাপাশি ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন লিস্টন কোলাসো ও সাহাল আব্দুল সামাদ। তবে বাকি ফুটবলাররা পুরোদমে অনুশীলন করলেন।