নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইডলাইনে গম্ভীর মুখে দাঁড়িয়ে সাউল ক্রেসপো। বৃহস্পতিবার অনুশীলনও করেননি স্প্যানিশ ফুটবলার। তাঁর সঙ্গে আলাদা করে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গেল ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁকে। আসলে সাউল এমনিতে চোটপ্রবণ। নতুন করে সেই চোট মাথাচাড়া দেয়নি তো? বৃহস্পতিবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে উপস্থিত ইস্ট বেঙ্গল সমর্থকদের জটলায় বেশ উদ্বেগ। তবে সূত্রের খবর, চোট তেমন গুরুতর নয়। দ্রুত ফিট হয়ে অনুশীলনে যোগ দেবেন সাউল। ম্যাচ শুরু হতে এখনও ঢের দেরি। তাই সাউলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ লাল-হলুদ ব্রিগেড। আনোয়ারের মাসলে সামান্য চোট ছিল। সেই কারণেই বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। এদিকে, ইস্ট বেঙ্গলের নতুন গোলকিপার কোচ হতে চলেছেন ফেলিক্স ডি’সুজা। ফুটবল কেরিয়ারে চার্চিল ব্রাদার্স, স্পোর্টিং ক্লুব দ্য গোয়া, সালগাওকরের মতো একাধিক ক্লাবে খেলেছেন তিনি। উল্লেখ্য, সন্দীপ নন্দী সরে যাওয়ার পর ইস্ট বেঙ্গলের গোলরক্ষক কোচের জায়গা ফাঁকা ছিল। তাঁর পরিবর্তে ফেলিক্সকে আনছে টিম ম্যানেজমেন্ট।



