সংবাদদাতা, লালবাগ: বেআইনিভাবে গজিয়ে ওঠা বেশ কয়েকটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে মুর্শিদাবাদ এস্টেট কর্তৃপক্ষ। ওই সমস্ত দোকান খুলে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার লালবাগ শহরের পাঁচরাহা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন দোকানমালিক ও তাঁদের পরিবারের লোকজন। পরে তাঁদের প্রতিনিধিদল এস্টেট ম্যানেজারকে স্মারকলিপি দেয়। মুর্শিদাবাদ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাউলিবাগে এস্টেটের জায়গায় ঘরবাড়ি বানিয়ে শতাধিক পরিবার বহুদিন ধরে বসবাস করছে। এর মধ্যে বেশকিছু পরিবার দোকানও খুলে বসেছে। সম্প্রতি এস্টেটের তরফে সেসব দোকানে তালা ঝুলিয়ে সিল করে দেওয়া হয়। ব্যবসায়ীরা বলেন, ওই সমস্ত দোকান তাঁদের রুজিরুটির একমাত্র সম্বল। অথচ তাঁদের কোনওপ্রকার নোটিস না দিয়েই দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। দোকান খুলে দেওয়ার বদলে তাঁরা একটা ন্যূনতম ভাড়া দিতে রাজি। এস্টেট ম্যানেজার বিপ্লব সরকার বলেন, আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।



