গাছের কাণ্ডে ফেনার মতো বস্তু লেগে থাকতে দেখা যায়। এই ফেনায় লুকিয়ে থাকে অতি ক্ষুদ্র জীব। এ যেন ‘জীবন্ত ঘর’। প্রকৃতির সেই বিস্ময়ের হদিশ দিলেন উৎপল অধিকারী।
গাছের কাণ্ডে ফেনার মতো বস্তু লেগে থাকতে দেখা যায়। এই ফেনায় লুকিয়ে থাকে অতি ক্ষুদ্র জীব। এ যেন ‘জীবন্ত ঘর’। প্রকৃতির সেই বিস্ময়ের হদিশ দিলেন উৎপল অধিকারী।
গ্রীষ্মের দুপুর। গ্রামের এক প্রান্তে শিমুলগাছের নীচে বসেছিল ছোট্ট রণবীর। হঠাৎ তার চোখ আটকে গেল এক আশ্চর্য জিনিসে। পাতার ফাঁকে ফাঁকে যেন কেউ তুলোর মতো ফেনা ছড়িয়ে রেখেছে। আঙুল দিয়ে একটু ছুঁয়ে দেখতেই হালকা ঠান্ডা এক তরল ফেনা লেগে গেল হাতে। এটা কি সাবান? বিস্ময়ে রণবীর তাকিয়ে রইল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ফেনাকে হালকা নড়াচড়া করতেও দেখা গেল! হ্যাঁ, সেই ফেনার ভিতরেই লুকিয়ে আছে এক ক্ষুদ্র জীব। নাম স্পিটলবাগ বা ফেনাপোকা।
গাছের ফেনার জন্মকাহিনি
স্পিটলবাগ আসলে ফ্রগহপার পরিবারের একটি লার্ভা যার বৈজ্ঞানিক পরিবার সারকোপিডি। এই পোকাটি যখন ডিম থেকে বের হয়, তখনই তার প্রথম কাজ-গাছের কাণ্ড বা পাতা থেকে রস চুষে খাওয়া। কিন্তু শুধু খাওয়াই নয়, সেই রসের অতিরিক্ত জলীয় অংশ সে শরীর থেকে নির্গত করে, বাতাসের সঙ্গে মিশিয়ে ছোট ছোট বুদবুদের ফেনা তৈরি করে। এই ফেনার কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যেন স্পিটলবাগের ‘জীবন্ত ঘর’। সূর্যের তীব্র তাপ থেকে এদের রক্ষা করে, শত্রু চোখ থেকে আড়ালে রাখে। এমনকী শরীরের আর্দ্রতা ও তাপমাত্রাও ধরে রাখে। একটি গবেষণায় দেখা গিয়েছে, ফেনার মধ্যে স্পিটলবাগের আশপাশের তাপমাত্রা বাইরের তুলনায় গড়ে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস কম থাকে। প্রকৃতি যেন নিজের হাতে তৈরি করেছে এক ক্ষুদ্র শীতাতপ নিয়ন্ত্রত বাড়ি।
একটি ফেনা, এক সম্পূর্ণ জগৎ
যদি আপনি একটি গাছের ফেনার ভেতর মাইক্রোস্কোপ দিয়ে উঁকি দেন, তবে আপনি অবাক হবেন। সেই ছোট্ট স্থানে শুধু স্পিটলবাগই নয়, আরও অনেক ক্ষুদ্র জীবাণু, ছত্রাক ও অণুজীব আশ্রয় নেয়।
ফেনার রাসায়নিক গঠন
জল ও উদ্ভিদের রস, স্পিটলবাগের মিউকাস
বা লালা, প্রোটিন ও সারফ্যাকট্যান্ট। এই সারফ্যাকট্যান্টই ফেনাকে দীর্ঘক্ষণ স্থায়ী রাখে। বিজ্ঞানীরা মনে করেন,
এটি পোকাটির অন্ত্রে বিশেষ প্রোটিন দ্বারা তৈরি,
যা জল ও বায়ুর সংযোগে বুদবুদের মতো
তৈরি করে।
স্পিটলবাগের জৈব বিজ্ঞান ও কৌশল
প্রাপ্তবয়স্ক স্পিটলবাগের দৈর্ঘ্য সাধারণত ৬-১২ মিলিমিটার। দেখতে ছোট্ট ঘাসফড়িংয়ের মতো হলেও এর লাফানোর ক্ষমতা আশ্চর্যজনক। একটি পূর্ণবয়স্ক ফ্রগহপার নিজের শরীরের দৈর্ঘ্যের ১০০ গুণ পর্যন্ত লাফ দিতে পারে। বিজ্ঞানীরা বলেন, এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী লাফানো প্রাণী। লার্ভা পর্যায়ে সে রসচোষা যন্ত্র দিয়ে গাছের ফ্লোয়েম বা জাইলেমে ঢুকে রস শোষণ করে। কিন্তু এভাবে খাবার সংগ্রহ করার সময় সে ক্রমাগত বাতাস টেনে ফেনা তৈরি করে চলতে থাকে। গবেষণায় দেখা গিয়েছে, ফেনার ভিতর কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব বেশি থাকে, যা অনেক পরজীবী ও শিকারি পোকাদের জন্য বিরূপ পরিবেশ সৃষ্টি করে। অর্থাৎ, এটি কেবল আশ্রয় নয়, একপ্রকার রাসায়নিক প্রতিরক্ষা বলয়।
গাছ ও ফেনার সহাবস্থান
যদিও স্পিটলবাগ গাছের রস চুষে বেঁচে থাকে, তবু বেশিরভাগ ক্ষেত্রে এটি গাছের বড় ক্ষতি করে না। তবে কিছু প্রজাতি কৃষিক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। উদাহরণস্বরূপ ইউরোপে ফাইলেনাস নামের এক প্রজাতি জলপাই গাছে জাইলেল্লা নামের ব্যাকটেরিয়া ছড়ায়, যা জলপাই চাষে মারাত্মক ক্ষতি করে। ভারতে এরা সাধারণত ঘাস, ডালশস্য বা গুল্মজাতীয় গাছে বাসা বাঁধে ও গাছের পুষ্টি শোষণ করলেও বড় ক্ষতি করে না। অর্থাৎ, স্পিটলবাগ প্রকৃতির ‘ভারসাম্যের বাসিন্দা’— সে যতটা নেয়, ততটাই ফিরিয়ে দেয়। কারণ তার ফেনায় আশ্রয় পায় আরও বহু ক্ষুদ্র প্রাণী ও অণুজীবরা।
ফেনার আশ্রয়ে নির্ভরশীল প্রাণীরা
গাছের ফেনা কেবল স্পিটলবাগের আশ্রয় নয়। এ এক ক্ষুদ্র ইকোসিস্টেম। ফেনার আশপাশে থাকে ক্ষুদ্র পিঁপড়ে ও মাকড়সা, যারা ফেনার পাশে লুকিয়ে থেকে শিকার ধরে। কিছু ছত্রাক ও ব্যাকটেরিয়া, যারা ফেনার জৈব পদার্থে পুষ্টি খুঁজে পায় এবং কখনও কিছু বোলতা ফেনার ভিতরে ডিম পাড়ে। এইভাবে একটি ফেনার ভেতর গড়ে ওঠে ক্ষুদ্র কিন্তু স্বতন্ত্র এক জীববৈচিত্র্যপূর্ণ জগৎ।
বর্ষাকালের ফেনা বনাম শুষ্ক সময়ের ফেনা
বর্ষাকালে যখন গাছের চারপাশে আর্দ্রতা বেশি থাকে, তখন ফেনার পরিমাণও বৃদ্ধি পায়। কারণ জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বুদবুদ তৈরি সহজ হয়। কিন্তু শুষ্ক সময়ে এদের ফেনা দ্রুত শুকিয়ে যায়। ফলে স্পিটলবাগ তখন গাছের নীচের ছায়াময় ও আর্দ্র স্থান বেছে নেয়। এটি একধরনের বৈজ্ঞানিক অভিযোজন, যা তাকে পরিবেশের সঙ্গে তাল মেলাতে সাহায্য করে।
গবেষণায় নজরে স্পিটলবাগ
বিজ্ঞানীরা এই ক্ষুদ্র পোকাটির ফেনা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেছেন—
বায়োফোম প্রযুক্তি:
স্পিটলবাগের ফেনা বিষাক্ত নয় এবং বেশ টেকসই। বিজ্ঞানীরা মনে করেন এর নকশা অনুসারে একদিন হয়তো পরিবেশবান্ধব ফেনা বা জীবাণুনাশক বায়োফোম তৈরি করা সম্ভব হবে।
তাপ নিয়ন্ত্রণ কৌশল:
ফেনার অভ্যন্তরে তাপমাত্রা সর্বদা বাইরে তাপমাত্রা থেকে কম থাকে ও আর্দ্রতা বজায় থাকে। ফলে কোনও প্রাণীর শরীর সহজে শুকিয়ে যায় না বা প্রচণ্ড দাবদাহে কষ্ট পায় না।
এছাড়াও ইউরোপীয় কৃষি গবেষণায় স্পিটলবাগকে একটি ‘ভেক্টর স্পিসিস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ এটি গাছের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া ছড়াতে পারে।
প্রকৃতির বার্তা
স্পিটলবাগের জীবনের এই ক্ষুদ্র নাটক আমাদের শেখায়, প্রকৃতি কখনও অপ্রয়োজনীয় কিছু সৃষ্টি করে না। এক ফোঁটা ফেনার মধ্যেও লুকিয়ে থাকতে পারে জটিল জীববিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানের রহস্য। আর যদি আমরা সেই ক্ষুদ্র ফেনার দিকে মনোযোগ দিই, তবে আমরা শিখব সহাবস্থানই টিকে থাকার অন্যতম উপায়।
স্পিটল বাগের ফেনা আসলে এক জীবন্ত ল্যাবরেটরি। যেখানে চলছে জল, বায়ু, প্রোটিন ও অণুজীবের মধ্যে এক নীরব সহাবস্থান। গাছের পাতায় জমে থাকা এই ক্ষুদ্র ফেনাগুলি আমাদের চোখে হয়তো তুচ্ছ, কিন্তু প্রকৃতির চোখে এরা একটি ক্ষুদ্র জগৎ। রণবীরের মতো যে কেউ যদি একবার থেমে এদের দিকে তাকায়, সে বুঝবে একটি গাছের ফেনার ভেতরেই লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময়কর কাহিনি।