ছোট্ট বন্ধুরা, মজার মজার হাতের কাজ তৈরি করতে কার না ভালো লাগে! কাগজ দিয়ে তৈরি নানারকম হাতের কাজ শেখাচ্ছেন শিল্পী পায়েলিমা মাইতি। তাঁর সঙ্গে কথা বললেন শান্তনু দত্ত।
ছোট্ট বন্ধুরা, মজার মজার হাতের কাজ তৈরি করতে কার না ভালো লাগে! কাগজ দিয়ে তৈরি নানারকম হাতের কাজ শেখাচ্ছেন শিল্পী পায়েলিমা মাইতি। তাঁর সঙ্গে কথা বললেন শান্তনু দত্ত।
উইন্ড চাইম তোমরা সকলে নিশ্চয়ই দেখেছ। বারান্দা হোক কিংবা দরজা জানলা— দেখতে কী ভালো লাগে, তাই না? অল্প হাওয়া দিলেই মিষ্টি আওয়াজ করে দুলে ওঠে। তোমরা কি জানো, বাড়িতে এমন উইন্ড চাইম সহজেই বানিয়ে নিতে পার। তাও আবার কাগজ দিয়েই। কীভাবে? চলো সহজ কিছু স্টেপ মেনে শিখে নিই।
কী কী লাগবে?
রঙিন চার্ট পেপার
কাঁচি
আঠা
স্কেল
পেনসিল
রঙিন সুতো
ছোটো ঘণ্টা, পুঁতি বা রঙিন বিডস
একটি কার্ডবোর্ড
সুচ
কীভাবে তৈরি হবে?
প্রথম ধাপ: প্রথমেই রঙিন কাগজ বেছে নিতে হবে। এক রঙের বদলে বিভিন্ন রং ব্যবহার করতে পার। এতে উইন্ড চাইম দেখতে আরও সুন্দর লাগবে। কাগজের উপর ফুল, পাখি, নানা জ্যামিতিক আকার, স্টার ইত্যাদি এঁকে নাও। খুব বড়ো করে আঁকার প্রয়োজন নেই। মাঝারি মাপের আঁকলে কাটতে সুবিধা হবে।
দ্বিতীয় ধাপ: এই ধাপটি কিন্তু বড়োদের সাহায্য ছাড়া করবে না। একটি কাঁচি নিয়ে চার্ট পেপার থেকে ফুল, স্টার, বৃত্ত বা অন্যান্য জ্যামিতিক আকারগুলি কেটে নাও সাবধানে।
তৃতীয় ধাপ: কার্ডবোর্ডের উপর প্রায় ১৫ থেকে ২০ সেন্টিমিটার ব্যাসের বৃত্ত এঁকে নাও। সেটিকে সাবধানে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। গোলাকার রিংটি তৈরি হয়ে গেলে সেটিকেও রঙিন কাগজ দিয়ে মুড়ে নাও।
চতুর্থ ধাপ: প্রত্যেকটি কাগজের নকশার উপরে ছোটো ছোটো ছিদ্র কর। সুতো দিয়ে পুঁতি, ছোটো ঘণ্টা, বিডসগুলি গেঁথে নাও। সুচের সাহায্যে এই কাজটি করতে হবে। এক্ষেত্রেও বাড়ির বড়োদের সাহায্য নিও। একটা বিষয় খেয়াল রেখো সব সুতো যেন একই মাপের না হয়। আলাদা আলাদা মাপের সুতো ব্যবহার করবে। এতে উইন্ড চাইমটি দেখতে আরও সুন্দর হবে।
পঞ্চম ধাপ: এবার কাগজ, পুঁতি, বিডস গেঁথে রাখা সুতোগুলি গোলাকার রিংয়ের সঙ্গে শক্ত করে বেঁধে নাও।
চাইলে আঠার সাহায্যেও আটকে নিতে পার।
ষষ্ঠ ধাপ: এবার গোলাকার রিংটির উপরের অংশে একটু মোটা সুতো লাগিয়ে নাও। এমনভাবে লাগাতে হবে, যাতে সেটি ঝোলানো যায়। চাইলে গ্লিটার, নানা রকমের স্টিকার দিয়েও সাজাতে পার।
ব্যস, তৈরি তোমার উইন্ড চাইম। বাড়ির বারান্দা হোক বা দরজা জানলা— টাঙিয়ে দাও তোমার হাতে বানানো জিনিসটি।