Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

উলভসকে হারিয়ে চতুর্থ স্থানে লিভারপুল

লিগের প্রথম পাঁচ ম্যাচে জয়। মরশুমের প্রথম কয়েক সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছিল লিভারপুল। তারপরই ঘটে ছন্দপতন।

উলভসকে হারিয়ে চতুর্থ স্থানে লিভারপুল
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লিভারপুল- ২                :                     উলভস- ১

Advertisement

লন্ডন: লিগের প্রথম পাঁচ ম্যাচে জয়। মরশুমের প্রথম কয়েক সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছিল লিভারপুল। তারপরই ঘটে ছন্দপতন। পরের সাত ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় আর্নে স্লটের ছেলেরা। শীর্ষস্থান হাতছাড়া হওয়ার পাশাপাশি একটা সময় সপ্তম স্থানে নেমে যায় তারা। তবে সেই ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়ায় ‘দ্য রেডস’। শেষ ছ’টি ম্যাচের মধ্যে চারটিতে জিতে লিগ টেবিলে প্রথম চারে উঠে এল অ্যানফিল্ডের ক্লাবটি। রবিবার ঘরের মাঠে উলভসকে ২-১ গোলে বশ মানায় তারা। ম্যাচে লিভারপুলের হয়ে জাল কাঁপান যথাক্রমে রায়ান গ্রাভেনবার্খ ও ফ্লোরিয়ান রিটজ। উলভসের একমাত্র গোলটি সান্তিয়াগো বুয়েনোর। এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৩২। তারা পিছনে ফেলল চেলসি ও  ম্যান ইউ’কে।
এদিকে, ইপিএলে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল। শনিবার নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে কয়েক ঘণ্টার জন্য লিগ টেবিলে গানারদের টপকে গিয়েছিল ম্যান সিটি। তবে ঘরের মাঠে ব্রাইটনকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে মিকেল আর্তেতা-ব্রিগেড। আপাতত ম্যান সিটির চেয়ে দু’পয়েন্টে এগিয়ে তারা। গত কয়েক মরশুমের মতো এবারও শুরুটা দারুণ করেছে আর্সেনাল। তারই মধ্যে দলের একাধিক ফুটবলারের চোট চিন্তায় রাখছে কোচ আর্তেতাকে। বিশেষত অতীতে যেভাবে শেষ ল্যাপে পয়েন্ট খুইয়ে খেতাব হাতছাড়া হয়েছে, এবার তার পুরনাবৃত্তি চান না তিনি। ব্রাইটন ম্যাচের পর গানারদের হেড স্যার বলেন, ‘চোট সমস্যা নিয়ে শেষ ছয় মাস কাটিয়ে দিলাম। আশা করছি, আগামী সাড়ে পাঁচ মাসও ভালো যাবে। চোট ফুটবলের অঙ্গ। তবে দলের সেরা ফুটবলারদের অভাব ঢাকা মুশকিল। স্বস্তির বিষয়, তার প্রভাব পারফরম্যান্সে খুব একটা পড়েনি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ