লন্ডন: হঠাত্ ছন্দপতনে ধুঁকছিল লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারের পর স্বস্তির জয় আর্নে স্লট ব্রিগেডের। রবিবার অ্যাওয়ে ম্যাচে ওয়েস্ট হ্যামকে ২-০ ব্যবধানে হারিয়েছে ‘দ্য রেডস’। জয়ী দলের দুই গোলদাতা আলেকজান্ডার ইশাক ও কডি গাকপো। জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে উঠল লিভারপুল। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট।
চলতি মরশুমের শুরুটা দাপটে করেছিল লিভারপুল। কিন্তু অজানা কোনও কারণে গত কয়েকটি ম্যাচে রীতিমতো ধুঁকতে দেখা যায় স্লট-ব্রিগেডকে। খারাপ পারফরম্যান্সের জেরে এদিন মহম্মদ সালাহকে প্রথম একাদশে রাখেননি কোচ। বিরতিতে ম্যাচের ফল গোলশূন্য থাকায় চিন্তা বাড়ছিল লিভারপুলের সমর্থকদের। শেষ পর্যন্ত ৬০ মিনিটে স্লটের দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন ইশাক (১-০)। কডি গাকপোর বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ তারকা স্ট্রাইকারের। প্রিমিয়ার লিগে লিভারপুলের জার্সিতে এটা তাঁর প্রথম গোল। এই পর্বে ‘দ্য রেডস’-রই দাপট ছিল। এরপর ৮৪ মিনিটে রেফারির সঙ্গে ঝামেলায় জড়িয়ে লুকাস পাকুয়েতা লাল কার্ড দেখলে বড় ধাক্কা খায় ওয়েস্ট হ্যাম। সংযোজিত সময়ের গোলে লিভারপুলের জয় নিশ্চিত করেন গাকপো (২-০)।
লিভারপুলের পাশাপাশি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও তিন ম্যাচ পর জয়ে ফিরল। অ্যাওয়ে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ক্রিস্টাল প্যালেসকে ২-১ ব্যবধানে হারায় রুবেন আমোরিমের দল। জয়ী দলের দুই গোলদাতা জিরকি ও ম্যাসন মাউন্ট। ইপিএলে অন্য ম্যাচে চেলসি ১-১ ড্র করল আর্সেনালের সঙ্গে। চেলসি ও আর্সেনালের গোলদাতা যথাক্রমে ট্রেভো ও মেরিনহো।