Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে লিচুর ব্যাপক ফলন সত্ত্বেও দাম চড়া, মধ্যবিত্তের নাগালের বাইরে

মুর্শিদাবাদে লিচুর ব্যাপক ফলন সত্ত্বেও দাম চড়া, মধ্যবিত্তের নাগালের বাইরে
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: আমের ফলন কম হলেও এবার মুর্শিদাবাদে লিচুর ফলন বেশ ভালো হয়েছে। বাজারে লিচুর ব্যাপক আমদানি হতে শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও গত এক সপ্তাহ ধরে লিচুর দাম ১২০ টাকা কেজিতেই(ডালপাতা সহ) আটকে রয়েছে। দাম নাগালের বাইরে হওয়ায় মধ্যবিত্ত পরিবারগুলি স্বল্পদিনের মরশুমি ফলের দিকে হাত বাড়াতে পারছেন না। পাশাপাশি লিচুর কালোবাজারির অভিযোগ উঠতে শুরু করেছে। স্থানীয় মানুষের দাবি, খুচরো বিক্রেতারা বাগান থেকে একশো পিস হিসেবে লিচু কিনে কেজি দরে চড়া দামে বিক্রি করে লোক ঠকাচ্ছে। মুর্শিদাবাদের লালবাগ, ইসলামপুর, ধুলিয়ান, রঘুনাথগঞ্জ এলাকায় ব্যাপক লিচু চাষ হয়। দেশ বিদেশে মুর্শিদাবাদের লিচু রপ্তানি হয়। এবার লিচুর ফলন ভালো হয়েছে। দানাও ভালো। স্বল্পদিনের ফসল পাকতে শুরু করলে এক সপ্তাহের মধ্যে লিচু পেড়ে গাছ ফাঁকা করতে হয়। ফলে বাজারে ব্যাপক লিচুর আমদানি হতে শুরু করেছে। পাশাপাশি কালবৈশাখী ঝড়ের আতঙ্কে বহু বাগান মালিক সময়ের আগেই লিচু পেড়ে নিচ্ছেন। জেলার বিভিন্ন বাজার লিচু বিক্রির পাশাপাশি বহরমপুর-হরিহরপাড়া, বহরমপুর-ইসলামপুর, বহরমপুর-লালবাগ রাজ্য সড়কের দু’ ধারে ব্যাপক পরিমাণে আম, লিচু বিক্রি হচ্ছে। পথচলতি মানুষ দাঁড়িয়ে পড়ে কিনছেন। বিক্রেতারা ১৪০ টাকা কেজি দাম হাঁকছেন। দরদাম করেও ১২০ টাকা কেজির নীচে নামছে না। 

Advertisement

বহরমপুর-হরিহরপাড়া রাজ্য সড়কের পাশে কাঁটাবাগান এলাকায় ১০-২০ মিটার অন্তর পসরা সাজিয়ে লিচু বিক্রি করছেন বহু বিক্রেতা। স্বরূপপুরে কাঞ্চন মণ্ডল মোটরবাইক দাঁড় করিয়ে লিচু কিনছিলেন। তিনি বললেন, দাম অনেকটাই বেশি। তবে বছরের ফল। ছেলেমেয়েদের আবদার মেটাতে বাধ্য হয়ে কিনতে হচ্ছে। অমল ঘোষ বলেন, বিক্রেতারা বাগান থেকে গুনতি করে লিচু কিনে ডালপাতা সহ কেজি দরে বিক্রি করছে। এটা লোকঠকানো ছাড়া আর কিছুই নয়। বাগান থেকে গুনতি করে লিচু কেনার কথা স্বীকার করে নিলেন বিক্রেতা আফজল শেখ। তিনি বলেন, লিচু খুব বেশি হলে এক মাসের ব্যবসা। এই সময়ের জন্য আমরা সারা বছর তাকিয়ে থাকি। তবে কালোবাজারির অভিযোগ ভিত্তিহীন। বাজারে এখন মুম্বই, সারেঙ্গি এই দুই প্রজাতির আমের আমদানি হয়েছে। বহরমপুরে মুম্বই আম ৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে। সারেঙ্গির দাম কেজি প্রতি ৩৫ টাকা। তবে আম মিষ্টি হবে কি না, সে ব্যাপারে বিক্রেতারা গ্যারান্টি দিচ্ছেন না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ