নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে পাঁচবছর আগে কুপিয়ে খুনের ঘটনায় সাদ্দাম শেখ নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হল। মুর্শিদাবাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন(ইসি) কোর্টের বিচারক শনিবার দুপুরে রায়দান করেন। পুলিস জানিয়েছে, ২০২০সালের ১০অক্টোবর বহরমপুর থানার পর্বতপুর মোড়ে একটি দোকানে আকবর শেখ নামে এক ব্যক্তি আইপিএল দেখছিলেন। সেসময় হঠাৎ সাদ্দাম তাঁর উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। আকবরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তদন্তে নেমে পুলিস জানতে পারে, পুরনো শত্রুতার জেরে এঘটনা ঘটেছিল। ঘটনার তিনমাস পর বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। অবশেষে তাকে দোষী সাব্যস্ত করে সাজা শোনানো হল।



