নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নিজের জীবন বাজি রেখে নদীতে ঝাঁপ। আত্মহত্যার চেষ্টা করা এক মহিলাকে উদ্ধার। সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় রক্ষা পেয়েছিল একটি প্রাণ। এই অসামান্য সাহসিকতার স্বীকৃতি হিসাবে কালাম হোসেনকে রবিবার পুরস্কৃত করল জলপাইগুড়ি জেলা পুলিশ। ঘটনাটি গত ১৯ জুলাইয়ের। জলঢাকা সেতুর কাছে ডিউটি করছিলেন কালাম। সেই সময় আচমকা এক মহিলা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি টের পেয়েই নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাগুরমারি ২ পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই মহিলাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন কালাম। তাঁর তৎপরতায় প্রাণ বাঁচে ওই মহিলার। একজন সিভিকের এই অসামান্য সাহসিকতার স্বীকৃতি হিসাবে রবিবার জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে কালামকে পুরস্কৃত করা হয়। জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বীনাপানি বলেন, ভালো কাজে উৎসাহ জোগাতেই এই পুরস্কার।



