বার্সেলোনা: ২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনার যোগ দিয়েছিলেন রবার্ট লিওয়ানডস্কি। মূলত লায়োনেল মেসি দল ছাড়ার পর আপফ্রন্টে শক্তি বাড়াতে পোলিশ স্ট্রাইকারকে সই করায় কাতালন ক্লাবটি। প্রথম মরশুমে লিগে ৩৪ ম্যাচে ২৩টি গোল করেন তিনি। এরপরই ক্লাবের পক্ষ থেকে তাঁকে আর গোল না করার কথা বলা হয়েছিল। প্রায় তিন বছর পর এমনই বিস্ফোরক দাবি করেছেন লিওয়ানডস্কি। সোমবার এক সাক্ষাৎকারে পোলিশ স্ট্রাইকার বলেন, ‘আমি এখন বার্সেলোনার ফুটবলার। তাই অতীত নিয়ে খুব একটা কাটাছেঁড়া করতে চাই না। কারণ এখানকার প্রতিটি মানুষকে আমি খুবই ভালোবাসি, শ্রদ্ধা করি। তবে কিছু সত্য অস্বীকার করা যায় না। আমি যখন বার্সায় যোগ দিই, তখন আর্থিক দিক থেকে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছিল ক্লাব। তাই লিগের শেষ পর্যায়ে আমাকে আর গোল না করার অনুরোধ আসে ম্যানেজমেন্ট থেকে। আমার ট্রান্সফার চুক্তিতে লেখা ছিল, প্রথম মরশুমে লিগে ২৫টি’র বেশি গোল করলে বায়ার্ন মিউনিখকে অতিরিক্ত বোনাস পেমেন্ট করতে হবে। আর সেই অর্থের অঙ্কটা খুব একটা কম ছিল না। সেই মুহূর্তে ক্লাবের কথা ভেবে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল আমাকে। এই অনুশোচনা সারা জীবন থেকে যাবে।’ উল্লেখ্য, সেবার লিগের চার ম্যাচ বাকি থাকতেই খেতাব নিশ্চিত করেছিল বার্সেলোনা। তাই লিওয়ানডস্কির গোল না করা খুব একটা প্রভাব ফেলেনি। বরং আর্থিকভাবে অনেকটাই লাভবান হয়েছিল কাতালন ক্লাবটি।



