রাজ্যে ‘কুম্ভকার বোর্ড’ গড়ে তুলতে চেয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে চিঠি
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে স্থায়ীভাবে মাটি জট কাটাতে এবং ‘কুম্ভকার বোর্ড’ গড়ে তুলতে চেয়ে চিঠি দেওয়া হল রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে। বিষয়টি নিয়ে রাজ্যের প্রশাসনিক দুই প্রধানের সঙ্গে আলোচনা চায় কুম্ভকারদের সংগঠন। ওয়েস্ট বেঙ্গল আর্থ পট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহনলাল প্রজাপতি বুধবার এ কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, ‘রাজ্যে কুম্ভকার বোর্ড না থাকার ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার কুম্ভকার নানা সমস্যায় ভুগছেন। মিলছে না প্রতিকার। শুধু তাই নয় তাঁদের দাবি‑দাওয়ার বিষয় না মেটার ফলে এই মাটি শিল্পের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। তাই এই বোর্ড গড়ে উঠলে সমস্যার নিরসন হবে বলে আশা।’

Advertisement

সংগঠনের কর্মকর্তাদের বক্তব্য, আমাদের আশা, রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী দাবি‑দাওয়ার বিষয় সহানুভূতির সঙ্গে দেখবেন। কুম্ভকারদের বক্তব্য, মাটি নিয়ে নানা সময় সমস্যা কঠিন পরিস্থিতি তৈরি করছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আমরা সরকারের কাছে বারবার আবেদন জানিয়েছি। শহরের বিভিন্ন মৃৎশিল্পীদের বক্তব্য‌, যতদিন যাচ্ছে প্রতিমা তৈরির মাটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাঝে মধ্যে প্রয়োজনের তুলনায় মাটি কম মিলছে। এতে শিল্পের ক্ষতি হচ্ছে। কুমোরটুলির মৃৎশিল্প সংগঠনের কর্তা বাবু পাল বলেন, ‘আমরা চাই রাজ্যে স্থায়ীভাবে মাটি জট কাটুক। প্রশাসনিক আইনকানুন সরল হোক। না হলে এই সমস্যা কোনওভাবেই মেটানো সম্ভব নয়।’